হোলি স্পেশাল ট্রেন: কলকাতা ও লালকুয়ার মধ্যে রেলের বড় উপহার, জেনে নিন বিস্তারিত – এবেলা
এবেলা ডেস্কঃ
আসন্ন হোলি ও দোল উৎসবে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে কলকাতা এবং উত্তরাখণ্ডের লালকুয়ার মধ্যে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল রেল কর্তৃপক্ষ। পূর্ব রেলের এই উদ্যোগের ফলে যাত্রীদের জন্য অতিরিক্ত ৭১০০টিরও বেশি আসনের ব্যবস্থা হবে। এই রুটে ০৫০৬০ এবং ০৫০৫৯ নম্বরের বিশেষ ট্রেনটি মোট ৪টি ট্রিপ দেবে।
সময়সূচী অনুযায়ী, আগামী ৫ থেকে ২৬ মার্চ পর্যন্ত প্রতি বৃহস্পতিবার দুপুর ১:৩৫ মিনিটে লালকুয়া থেকে ট্রেনটি ছেড়ে পরদিন রাতে কলকাতায় পৌঁছাবে। ফিরতি পথে ৭ থেকে ২৮ মার্চ পর্যন্ত প্রতি শনিবার ভোর ৫টায় কলকাতা থেকে ছেড়ে পরদিন বিকেলে লালকুয়া পৌঁছাবে ট্রেনটি। যাত্রাপথে নৈহাটি, ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল ও জাসিডির মতো গুরুত্বপূর্ণ স্টেশনে ট্রেনটি থামবে।
এই বিশেষ ট্রেনে জেনারেল, স্লিপার এবং এসি কামরার সুবিধা থাকবে। রেল সূত্রে জানানো হয়েছে, ০৫০৫৯ কলকাতা-লালকুয়া স্পেশাল ট্রেনের বুকিং ২৫ ফেব্রুয়ারি ২০২৬ থেকে শুরু হচ্ছে। যাত্রীরা পিআরএস কাউন্টার অথবা আইআরসিটিসি-র ওয়েবসাইটের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারবেন। উৎসবের মরসুমে এই পরিষেবা উত্তরভারতগামী যাত্রীদের দুশ্চিন্তা অনেকটাই লাঘব করবে।

