১০ হাজার পর্যন্ত কৃষি ঋণ মকুবের প্রতিশ্রুতি তারেক রহমানের, নজরে ১২ ফেব্রুয়ারির নির্বাচন – এবেলা
এবেলা ডেস্কঃ
ঢাকা: বাংলাদেশের আসন্ন ১২ ফেব্রুয়ারির সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রচার তুঙ্গে। দীর্ঘ ১৭ বছরের নির্বাসন কাটিয়ে দেশে ফিরে নির্বাচনী ময়দান কাঁপাচ্ছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। বাংলাদেশের ভোটারদের মন জয়ে এবার অনেকটা ভারতীয় নির্বাচনের ধাঁচেই বড়সড় প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিচ্ছেন তিনি।
কৃষকদের জন্য বড় ঘোষণা
নির্বাচনী জনসভায় তারেক রহমান ঘোষণা করেছেন, বিএনপি ক্ষমতায় এলে রাজশাহীসহ সারা দেশের কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মকুব করা হবে। কৃষকদের স্বার্থে ‘পদ্মা ব্যারেজ’ নির্মাণের কাজ পুনরায় শুরু করার পাশাপাশি বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের আম চাষিদের জন্য কোল্ড স্টোরেজ নির্মাণের আশ্বাস দিয়েছেন তিনি, যাতে ফলন নষ্ট না হয় এবং কৃষকরা সঠিক দাম পান।
কর্মসংস্থান ও আইটি পার্ক
বেকারত্ব দূর করতে তারেক রহমানের তুরুপের তাস আইটি সেক্টর। তিনি জানান, রাজশাহীর বন্ধ হয়ে থাকা আইটি পার্ক পুনরায় চালু করে যুবকদের বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হবে। এছাড়া উত্তরবঙ্গে কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে উদ্যোক্তাদের বিশেষ সহায়তার কথা বলেছেন তিনি।
“দিল্লি নয়, রাওয়ালপিন্ডি নয়— অগ্রাধিকার বাংলাদেশ”
বিদেশ নীতি নিয়ে কড়া বার্তা দিয়েছেন বিএনপির এই শীর্ষ নেতা। তিনি সাফ জানিয়েছেন, “বিএনপি সরকার গড়লে দিল্লি বা রাওয়ালপিন্ডি নয়, আমাদের প্রথম অগ্রাধিকার হবে বাংলাদেশ ও এদেশের মানুষ।” বিগত আওয়ামী লীগ সরকারের আমলের দুর্নীতি ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সমালোচনা করে তিনি একটি ‘জবাবদিহিমূলক সরকার’ গড়ার ডাক দিয়েছেন।
ভোট নিয়ে সতর্কবার্তা
২০০৮ সালের নির্বাচনের প্রসঙ্গ টেনে ভোটারদের ব্যালট বাক্স পাহারা দেওয়ার পরামর্শ দিয়েছেন তারেক রহমান। তাঁর অভিযোগ, ষড়যন্ত্রকারীরা আবারও সক্রিয় হয়েছে। দেশের গণতন্ত্র রক্ষা করতে এবং উন্নয়নের সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
শেখ হাসিনা দেশ ছাড়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এটিই প্রথম বড় নির্বাচন। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে না পারায় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবার বিএনপির পাল্লা অনেকটাই ভারী।

