১১ লক্ষ ভোটারের ভাগ্য নির্ধারণ আজ! মুর্শিদাবাদে কি বড়সড় নাম বাদ পড়ার আশঙ্কা? – এবেলা
এবেলা ডেস্কঃ
February 28, 202611:00 am
নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: আজ শনিবার প্রকাশিত হতে চলেছে বহু প্রতীক্ষিত চূড়ান্ত ভোটার তালিকা। তবে তালিকা প্রকাশের আগেই মুর্শিদাবাদ জেলা জুড়ে ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। জেলার প্রায় ১১ লক্ষ ২১ হাজার ভোটারের নথিপত্র বর্তমানে বিচারকদের স্ক্যানারে রয়েছে। রাজ্যের মধ্যে এই জেলাতেই সবচেয়ে বেশি সংখ্যক ‘সন্দেহজনক’ ভোটারের নথি যাচাইয়ের কাজ চলছে।
নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, যে সমস্ত ভোটারের নথিতে ‘যৌক্তিক অসঙ্গতি’ পাওয়া গিয়েছে, তাঁদের নাম ‘বিচারাধীন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের এই বিশেষ যাচাই প্রক্রিয়ায় যাঁদের নাম অনুমোদিত হবে না, তাঁরা ভোটাধিকার হারাবেন। ২৮ ফেব্রুয়ারির তালিকায় নাম থাকলেও, চূড়ান্ত অনুমোদন না পাওয়া পর্যন্ত এই ভোটাররা ভোট দিতে পারবেন না। একমাত্র ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত যাঁদের নথি যাচাই সম্পন্ন ও অনুমোদিত হয়েছে, তাঁরাই যোগ্য ভোটার হিসেবে গণ্য হবেন।
এই পরিস্থিতি নিয়ে রাজনৈতিক পারদ তুঙ্গে। বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি তথা বিধায়ক অপূর্ব সরকার অভিযোগ করেছেন, বিজেপি পরিকল্পিতভাবে মুর্শিদাবাদ জেলাকে টার্গেট করছে। তিনি জানান, Supreme \titleonly কোর্টের নির্দেশের পর বিচারকরা এই ১১ লক্ষ ২১ হাজার মানুষের তথ্য যাচাই করছেন। তৃণমূল সাংসদ আবু তাহের খানও দাবি করেছেন, বেছে বেছে সংখ্যালঘু ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা করছে কমিশন। যদিও শাসক শিবিরের আশ্বাস, মুখ্যমন্ত্রী পাহারাদার হিসেবে রয়েছেন এবং একজনও বৈধ ভোটারের নাম বাদ যেতে দেবেন না। এখন দেখার, চূড়ান্ত তালিকায় এই লক্ষ লক্ষ মানুষের ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয়।

