১৩ বছরেই ঘরছাড়া আর পুলিশের চড়! কাশ্মীরের টানে পালানো এই নায়িকাকে চিনতে পারছেন? – এবেলা
এবেলা ডেস্কঃ
আশির দশকের সেই মায়াবী হাসির ‘পাশের বাড়ির মেয়ে’ দীপ্তি নাভাল। পর্দার শান্ত স্বভাবের আড়ালে তাঁর বাস্তব জীবন ছিল নাটকীয়তায় ভরপুর। মাত্র ১৩ বছর বয়সে সিনেমার নেশায় বিভোর হয়ে ঘর ছেড়েছিলেন কাশ্মীরের উদ্দেশ্যে। তবে গন্তব্যে পৌঁছানোর আগেই পুলিশের হাতে ধরা পড়ে চড় খেয়ে ফিরতে হয়েছিল বাড়িতে।
অমৃতসরের অলিগলিতে বেড়ে ওঠা দীপ্তি ১৯৭১ সালে পরিবারের সঙ্গে পাড়ি দেন নিউ ইয়র্কে। সেখানে চারুকলা ও মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনার পাশাপাশি রাজ কাপুর ও দিলীপ কুমারের মতো কিংবদন্তিদের সাক্ষাৎকার নিয়ে সাংবাদিকতায় হাতেখড়ি করেন। পরে মুম্বইয়ে ফিরে শুরু হয় তাঁর আসল সংগ্রাম। ‘চশমে বুদ্দুর’ সিনেমা দিয়ে রাতারাতি জনপ্রিয়তা পেলেও ব্যক্তিগত জীবনে বারবার ঝড়ের মুখে পড়েছেন তিনি।
পরিচালক প্রকাশ ঝার সঙ্গে বিয়ে এবং পরবর্তীতে বিচ্ছেদ তাঁকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছিল। ইন্ডাস্ট্রির তৎকালীন মানসিকতা ছিল— বিয়ের পর নায়িকাদের কেরিয়ার শেষ। সেই কঠিন সময়ে কাজের অভাব ও একাকিত্বের সঙ্গে লড়াই করেছেন এই অভিনেত্রী। পরবর্তীতে বিনোদ পণ্ডিতের সঙ্গে সম্পর্কে নতুন করে বাঁচার রসদ পেলেও ক্যানসার কেড়ে নেয় তাঁর সঙ্গীকে। আজ অভিনেত্রী পরিচয়ের বাইরেও দীপ্তি নাভাল একাধারে সফল চিত্রশিল্পী, কবি ও আলোকচিত্রী হিসেবে নিজের বহুমাত্রিক সত্তাকে বাঁচিয়ে রেখেছেন।

