লেটেস্ট নিউজ

১৩ মার্চ কি বাংলায় ভোটের দামামা? শোরগোলের মাঝেই অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের কড়া বার্তা কমিশনের – এবেলা

এবেলা ডেস্কঃ

বাংলার বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে বঙ্গ সফরের তৃতীয় দিনেও ব্যস্ত সময় পার করছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। মঙ্গলবার সফরের তৃতীয় দিনে রাজ্যের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে দফায় দফায় বৈঠকে বসেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং দুই কমিশনার সুখবির সিং সান্ধু ও বিবেক জোশি।

এদিন সকালেই বেলুড় মঠে শ্রদ্ধা নিবেদন করেন মুখ্য নির্বাচন কমিশনার। সেখান থেকেই তিনি রাজ্যের সাধারণ ভোটারদের আশ্বস্ত করে জানান, বিবেকানন্দের এই পুণ্যভূমিতে দাঁড়িয়ে তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন যে আসন্ন নির্বাচন হবে সম্পূর্ণ হিংসামুক্ত এবং ভয়হীন। সাধারণ মানুষ যেন নির্ভয়ে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করাই কমিশনের প্রধান লক্ষ্য।

মঙ্গলবার সকালেই নবান্নের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠকে বসে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। এরপর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল, রাজ্য পুলিশের নোডাল অফিসার এবং কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসারদের সঙ্গেও বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। জানা গিয়েছে, বুথ লেভেলের প্রস্তুতি খতিয়ে দেখতে বুথ লেভেল অফিসারদের সঙ্গেও বিশেষ বৈঠক করবেন কমিশনাররা।

ইতিমধ্যেই রাজ্যে এসে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী। গত ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই তৎপরতা তুঙ্গে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের পর এবার প্রশাসনিক স্তরে শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখছে কমিশন। সূত্রের খবর, আগামী ১৩ মার্চ দিল্লি থেকে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে। সুষ্ঠু ও অবাধ ভোট পরিচালনা করাই এখন নির্বাচন কমিশনের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *