১৫ কোটি টাকার ডিজিটাল লুঠতরাজ! ঘরে বসেই সর্বস্ব হারালেন প্রবীণ ব্যবসায়ী – এবেলা
এবেলা ডেস্কঃ
বেলাগাউই জেলায় এক চাঞ্চল্যকর সাইবার জালিয়াতির ঘটনা প্রকাশ্যে এসেছে। ‘ডিজিটাল অ্যারেস্ট’-এর ভয় দেখিয়ে এক প্রবীণ ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ১৫ কোটি টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র।
নিজেকে তদন্তকারী সংস্থার উচ্চপদস্থ আধিকারিক পরিচয় দিয়ে জালিয়াতরা ভিডিও কলের মাধ্যমে ওই ব্যক্তিকে যোগাযোগ করে। তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপরাধমূলক কাজে ব্যবহৃত হচ্ছে দাবি করে তাকে কার্যত গৃহবন্দি বা ‘ডিজিটাল অ্যারেস্ট’ করে রাখা হয়। তদন্তের দোহাই দিয়ে ধাপে ধাপে কয়েক কোটি টাকা ট্রান্সফার করতে বাধ্য করা হয় তাকে। টাকা পাঠানোর পরই প্রতারকরা সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়।
বিষয়টি বুঝতে পেরে ওই ব্যবসায়ী পুলিশের দ্বারস্থ হন। পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে সন্দেহভাজন অ্যাকাউন্টগুলো ফ্রিজ করেছে এবং এখন পর্যন্ত প্রায় ৯০ লক্ষ টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছে। বাকি টাকা উদ্ধার ও অভিযুক্তদের ধরতে বিশেষ টিম গঠন করা হয়েছে।
সাইবার বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে ডিজিটাল অ্যারেস্ট বলে আইনি কোনো প্রক্রিয়া নেই। এই ধরণের কল পেলে অবিলম্বে ১৯৩০ নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। বর্তমানে এই চক্রের মূল হোতাদের খুঁজতে জোরদার তল্লাশি চালাচ্ছে পুলিশ।

