১৮ বছরের পুরনো ঘরে কি এবার বুলডোজার? ভোটের আগে বড় বিপাকে হুমায়ুন কবিরের পরিবার – এবেলা
এবেলা ডেস্কঃ
মুর্শিদাবাদ: রাজ্যে ভোটের দামামা বাজার আগেই বড়সড় আইনি জটিলতায় জড়িয়ে পড়লেন ‘জনতা বিকাশ পার্টি’র প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। এবার সরাসরি তাঁর স্ত্রীর নামে থাকা রেজিমনগরের বাড়িতে হানা দিল প্রশাসনের নোটিশ। ভূমি সংস্কার দপ্তরের অভিযোগ, পুকুর ভরাট করে বেআইনিভাবে এই বাড়িটি নির্মাণ করা হয়েছে।
সম্প্রতি হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুরবাড়িতে পুলিশি অভিযানের রেশ কাটতে না কাটতেই এই নতুন নোটিশ ঘিরে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গেছে। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, আগামী ৭ দিনের মধ্যে এই বিষয়ে সন্তোষজনক জবাব দিতে হবে মীরা সুলতানাকে।
রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ
হুমায়ুন কবির এই পুরো ঘটনাকে শাসকদলের ‘ষড়যন্ত্র’ হিসেবেই দেখছেন। তাঁর দাবি, ২০০৩ সালে জমি কিনে ২০০৫ সালে পঞ্চায়েতের সমস্ত অনুমতি নিয়েই তিনি এই বাড়ি তৈরি করেছিলেন। দীর্ঘ ১৮ বছর পর হঠাৎ করে কেন এই নোটিশ, সেই প্রশ্ন তুলে তিনি বলেন, “আমি এখন শাসকদলের চোখের বালি হয়ে উঠেছি, তাই পরিকল্পিতভাবে আমার পরিবারকে হেনস্থা করা হচ্ছে। আমার কাছে সমস্ত বৈধ নথি রয়েছে।”
পাল্টা জবাব তৃণমূলের
অন্যদিকে, এই অভিযোগকে আমল দিতে নারাজ তৃণমূল শিবির। দলের রাজ্য মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, এটি সম্পূর্ণ একটি প্রশাসনিক বিষয় এবং এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। আইন নিজের পথেই চলবে বলে তিনি মন্তব্য করেন।
ভোটের মুখে জমি ও বাড়ি সংক্রান্ত এই বিতর্ক মুর্শিদাবাদের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করে কি না, এখন সেটাই দেখার।

