লেটেস্ট নিউজ

১৯ বছরের খরা কাটাতে মরিয়া দিল্লি ক্যাপিটালস অক্ষরের যোদ্ধারা কি পারবেন ইতিহাস গড়তে – এবেলা

এবেলা ডেস্কঃ

নিউজ ডেস্ক । আইপিএল ট্রফির জন্য ১৯ বছরের দীর্ঘ অপেক্ষা শেষ করতে এবার নতুন উদ্যমে মাঠে নামছে দিল্লি ক্যাপিটালস। দুই দশকের ইতিহাসে মাত্র একবার (২০২০) ফাইনালে উঠলেও স্বপ্নভঙ্গ হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সের কাছে। ২০২৬ আইপিএল শুরুর আগে ক্রিকেট মহলে এখন একটাই প্রশ্ন— এবার কি ভাগ্য বদলাবে দিল্লির?

মিনি নিলামের পর দিল্লির স্কোয়াড আগের চেয়ে অনেক বেশি ভারসাম্যপূর্ণ। বছরের পর বছর দলের সমন্বয়ে অস্থিরতাই ছিল দিল্লির ব্যর্থতার মূল কারণ। ২০০৮ থেকে ২০১৮ পর্যন্ত বারবার অধিনায়ক ও কৌশল বদলানোয় কোনো শক্ত ভিত তৈরি হয়নি। তবে এবার ম্যানেজমেন্ট কেএল রাহুল, অক্ষর প্যাটেল, ট্রিস্টান স্টাবস ও মিচেল স্টার্কের মতো তারকাদের ওপর ভরসা রেখে স্থিতিশীলতায় জোর দিয়েছে।

নেতৃত্ব ও চাপের পরীক্ষা

বীরেন্দ্র সেহওয়াগ থেকে ঋষভ পন্থ— অনেক বড় নাম অধিনায়কত্ব করলেও ট্রফি আসেনি। গত মরসুমে অক্ষর প্যাটেলের নেতৃত্বে দারুণ শুরু করলেও মাঝপথে ছন্দ হারায় দল। ওপেনিং জুটির অভাব মেটাতে এবার পাথুম নিসাঙ্কা, বেন ডাকেট ও পৃথ্বী শ-কে দলে নেওয়া হয়েছে। ফিনিশার হিসেবে আছেন বিধ্বংসী ডেভিড মিলার।

বোলিং ও ব্যাটিংয়ের ধার

মিচেল স্টার্কের উপস্থিতি পেস আক্রমণকে শক্তিশালী করেছে, সঙ্গে আছেন তরুণ আকিবি নবী ডার। স্পিন বিভাগে কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেল জুটি প্রতিপক্ষের জন্য ত্রাস হতে পারেন। ডেথ ওভারে টি নটরাজনের ফিটনেস দিল্লির জন্য তুরুপের তাস হবে। ব্যাটিংয়ে কেএল রাহুল ও পৃথ্বী শ-র আক্রমণাত্মক মেজাজের পাশাপাশি মিডল অর্ডারে নীতিশ রানা ও ট্রিস্টান স্টাবসরা বড় ভরসা।

অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে দিল্লি এবার শিরোপার অন্যতম দাবিদার। নকআউট পর্বের মানসিক চাপ সামলাতে পারলে ১৯ বছরের খরা কাটিয়ে চ্যাম্পিয়ন হওয়া কেবল সময়ের অপেক্ষা।

এক নজরে দিল্লির শক্তি

  • সর্বোচ্চ রান: পৃথ্বী শ (৭৯ ম্যাচে ১৮৯২ রান)
  • সেরা বোলার: কুলদীপ যাদব (৫৩ ম্যাচে ৬২ উইকেট)
  • নির্ভরযোগ্য অলরাউন্ডার: অক্ষর প্যাটেল (৯৪ ম্যাচে ১২৩০ রান ও ৬৭ উইকেট)

দিল্লি ক্যাপিটালস স্কোয়াড ২০২৬

অক্ষর প্যাটেল (অধিনায়ক), কেএল রাহুল, পাথুম নিসাঙ্কা, বেন ডাকেট, পৃথ্বী শ, নীতিশ রানা, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, অভিষেক পোড়েল, করুণ নায়ার, বিপ্রজ নিগম, কুলদীপ যাদব, মিচেল স্টার্ক, লুঙ্গি এনগিডি, আকিবি নবী ডার, সাহিল পারেখ, কাইল জেমিসন, টি নটরাজন, সমীর রিজভি, আশুতোষ শর্মা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *