১ মার্চ শুরু বিজেপির ‘রাজনৈতিক রথের’ যাত্রা – এবেলা
এবেলা ডেস্কঃ
কলকাতা: ১ মার্চ থেকে ফের রথ রাজনীতিতে ফিরছে গেরুয়া শিবির। লোকসভা ভোটের দামামা বাজিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শুরু হচ্ছে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’। তবে রাজনৈতিক মহলের মতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী ও যুবসাথীর মতো জনমুখী প্রকল্পের জনপ্রিয়তার সামনে কার্যত দিশেহারা বঙ্গ বিজেপি। উন্নয়ন দিয়ে তৃণমূলকে টেক্কা দিতে না পেরে শেষ পর্যন্ত পুরনো অস্ত্র ধর্মীয় ভাবাবেগকেই হাতিয়ার করছে পদ্ম শিবির।
রথযাত্রার এই মেগা ইভেন্টে অংশ নিতে বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে জেপি নাড্ডা এবং রাজনাথ সিংয়ের মতো একঝাঁক শীর্ষ নেতৃত্ব। কোচবিহার থেকে মথুরাপুর, কৃষ্ণনগর থেকে সন্দেশখালি— রাজ্যের প্রতিটি গুরুত্বপূর্ণ প্রান্তে হাজির থাকবেন কেন্দ্রীয় মন্ত্রীরা। ১ মার্চ অমিত শাহ মথুরাপুর বা রায়দিঘিতে রথের উদ্বোধন করবেন। কোচবিহারে থাকবেন নীতিন নবীন এবং কৃষ্ণনগরে জেপি নাড্ডা। পিছিয়ে নেই ২ মার্চের কর্মসূচিও, সেদিন হাওড়ার আমতায় থাকবেন রাজনাথ সিং এবং বীরভূমে দেবেন্দ্র ফড়নবিশ।
সন্দেশখালিতে রাজনৈতিক উত্তাপ বাড়াতে আসছেন শিবরাজ সিং চৌহান। বিজেপি সূত্রে খবর, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বের হওয়া এই রথগুলি আগামী ১৫ মার্চ ব্রিগেডে একত্রিত হবে। সেখানেই মেগা সমাবেশের মাধ্যমে ভোট প্রচারের চূড়ান্ত সুর বাঁধবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উন্নয়নের পাল্টা হিসেবে বিজেপির এই রথ রাজনীতি বাংলার মানুষের মন কতটা জয় করতে পারে, এখন সেটাই দেখার।

