২০২৬ বিধানসভা নির্বাচন: ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে আজ জেলাস্তরে কমিশনের গুরুত্বপূর্ণ বৈঠক – এবেলা
এবেলা ডেস্কঃ
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের রণকৌশল সাজাতে আজ, শুক্রবার দুপুর ১টায় একটি উচ্চপর্যায়ের ভিডিও কনফারেন্সের ডাক দিয়েছে নির্বাচন কমিশন। এই বৈঠকে দেশের মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমার এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল উপস্থিত থাকবেন। জেলা নির্বাচনী আধিকারিক, পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের সঙ্গে মূলত আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচনের সামগ্রিক প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখা হবে এই বৈঠকে।
নির্বাচনী উত্তাপের মাঝেই আজ প্রকাশিত হতে পারে অতিরিক্ত ভোটার তালিকা। বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া সম্পন্ন করার পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের লক্ষ্যে জোরকদমে কাজ চালাচ্ছে কমিশন। রাজনৈতিক দলগুলো ইতিমধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করে প্রচারে ঝাঁপিয়ে পড়ায় রাজ্যের প্রতিটি বুথে নির্বাচনী তৎপরতা এখন তুঙ্গে।
প্রশাসনিক প্রস্তুতির পাশাপাশি ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত বিচারকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কমিশন। সংশ্লিষ্ট ডিএসপি-দের নির্দেশ দেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখতে। পরিস্থিতির গুরুত্ব বুঝে প্রয়োজনে অতিরিক্ত নিরাপত্তার আশ্বাস দিয়েছে কমিশন, যাতে কোনো বিঘ্ন ছাড়াই গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হয়।

