২০২৭ বিশ্বকাপের ব্লু-প্রিন্ট তৈরি: আইপিএলের পারফরম্যান্সেই ভাগ্য নির্ধারণ হবে ২০ ক্রিকেটারের – এবেলা
এবেলা ডেস্কঃ
টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের রেশ কাটতে না কাটতেই ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিল বিসিসিআই। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য এই মেগা ইভেন্টের জন্য ইতিমধ্যে ২০ জন ক্রিকেটারকে প্রাথমিক তালিকায় রাখা হয়েছে। নির্বাচকদের নির্দেশ দেওয়া হয়েছে আসন্ন আইপিএলে এই ক্রিকেটারদের ফর্ম ও ফিটনেসের ওপর কড়া নজর রাখতে। ২৮ মার্চ থেকে শুরু হতে চলা এই টুর্নামেন্টই হবে খেলোয়াড়দের যোগ্যতা প্রমাণের মূল মঞ্চ।
প্রধান নির্বাচক অজিত আগরকরের নেতৃত্বাধীন কমিটি এই দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নে সক্রিয় ভূমিকা নিচ্ছে। বিসিসিআই সূত্রের খবর, পাঁচজন নির্বাচক আইপিএলের ম্যাচগুলো মাঠে উপস্থিত থেকে অথবা টিভিতে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন। যদিও এই তালিকায় রোহিত শর্মা ও বিরাট কোহলির ভবিষ্যৎ নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে, তবে আইপিএলে তাঁদের পারফরম্যান্স নির্বাচকদের ভাবনায় বিশেষ গুরুত্ব পাবে। প্রাথমিক তালিকার বাইরে কেউ নজরকাড়া পারফরম্যান্স করলে তাঁর জন্যও বিশ্বকাপের দরজা খোলা রাখা হয়েছে।
নির্বাচক প্যানেলের প্রধান হিসেবে অজিত আগরকর ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত নিজের চুক্তির মেয়াদ বাড়ানোর অনুরোধ জানিয়েছেন। বিসিসিআই সচিবের সঙ্গে আলোচনার মাধ্যমে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। বর্তমানে শিবসুন্দর দাস ও অজয় রাত্রাদের নিয়ে গঠিত এই কমিটি তরুণ প্রতিভা ও অভিজ্ঞতার মেলবন্ধনে একটি শক্তিশালী স্কোয়াড গড়তে বদ্ধপরিকর। বোর্ডের লক্ষ্য, ঘরোয়া লিগের মাধ্যমেই বিশ্বকাপের সেরা কম্বিনেশন খুঁজে বের করা।

