২০২৭ বিশ্বকাপে টিম ইন্ডিয়ায় বড় রদবদল, বাদ পড়ছেন গত আসরের ৫ মহাতারকা – এবেলা
এবেলা ডেস্কঃ
নিউজ ডেস্ক। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের দামামা বাজতে না বাজতেই ভারতীয় শিবিরে বড় পরিবর্তনের আভাস। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার মাটিতে হতে যাওয়া এই মেগা ইভেন্টে গত বিশ্বকাপের দল থেকে অন্তত ৫ জন ক্রিকেটারকে আর নীল জার্সিতে দেখা যাবে না। ২০২৬ আইপিএলের পরেই এই নতুন দল গঠনের প্রক্রিয়া শুরু করতে পারে বিসিসিআই।
কারা থাকছেন না ২০২৭-এর স্কোয়াডে?
তালিকায় প্রথমেই আছেন স্পিন জাদুকর আর অশ্বিন, যিনি ইতিমধ্য়েই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। এছাড়া ব্যাটার সূর্যকুমার যাদবকেও সম্ভবত আর ওয়ানডে ফরম্যাটে ভাবছে না বোর্ড। ২০২৩ বিশ্বকাপে তার গড় ছিল মাত্র ১৭.৬৬, এরপর আর কোনো একদিনের ম্যাচ খেলেননি তিনি। পেসার শার্দুল ঠাকুর এবং প্রসিদ্ধ কৃষ্ণার ফর্ম ও ইনজুরি তাদের ছিটকে যাওয়ার মূল কারণ হতে পারে। সবচেয়ে বড় চমক হিসেবে বাদ পড়তে পারেন অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামি। গত বিশ্বকাপে ২৪ উইকেট নিলেও বয়সের ভার এবং দীর্ঘদিনের অনুপস্থিতি তাকে পরিকল্পনার বাইরে ঠেলে দিচ্ছে।
এই ৫ সিনিয়র তারকার পরিবর্তে একঝাঁক নতুন মুখ নিয়ে ২০২৭ বিশ্বকাপে ট্রফি পুনরুদ্ধারে নামবে ভারত। সেই ৫ নতুন কাণ্ডারি কারা হবেন, তা নিয়ে এখন থেকেই শুরু হয়েছে জোর চর্চা।

