২১শে ফেব্রুয়ারি: মাতৃভাষা দিবসের আবেগে ভাসলেন চঞ্চল চৌধুরী ও জয়া এহসান
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন দুই বাংলার জনপ্রিয় তারকা চঞ্চল চৌধুরী ও জয়া এহসান। বায়ান্নর ভাষা আন্দোলনের রক্তঝরা ইতিহাস ও ত্যাগের কথা স্মরণ করে আবেগঘন বার্তা দিয়েছেন তারা। অভিনেতা চঞ্চল চৌধুরী সামাজিক মাধ্যমে মায়ের সঙ্গে ছবি পোস্ট করে মা, মাতৃভাষা ও মাতৃভূমিকে সমার্থক হিসেবে উল্লেখ করেছেন। ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি শিকড়ের প্রতি তার অকৃত্রিম টান ব্যক্ত করেন।
অন্যদিকে, মুক্তিযোদ্ধার পরিবারের সন্তান অভিনেত্রী জয়া এহসান শোক ও গর্বের মিশেলে এক দীর্ঘ বার্তা দিয়েছেন। তিনি ১৯৫২ সালের তরুণদের আত্মত্যাগকে স্মরণ করে জানান, বাংলা ভাষা তার কাছে নিশ্বাসের মতো। সালাম, বরকত, রফিক, জব্বারের বীরত্ব গাঁথা আজও প্রতিটি বাঙালির হৃদয়ে সাহস জোগায়। জয়া উল্লেখ করেন, ১৯৯৯ সালে ইউনেস্কো দিনটিকে স্বীকৃতি দিলেও বাঙালির কাছে একুশ অনেক আগে থেকেই আন্তর্জাতিক এবং সীমানাহীন।
বর্তমান প্রজন্মের কাছে একুশের গুরুত্ব তুলে ধরে দুই তারকাই নিজস্ব সংস্কৃতি ও ভাষাকে ভালোবাসার শপথ নিয়েছেন। তারা মনে করিয়ে দিয়েছেন যে, আজকের সহজভাবে বাংলা বলা ও লেখার আড়ালে লুকিয়ে আছে অজস্র রক্ত ও আসামাপ্ত স্বপ্ন। একুশ মানে মাথা নত না করা এবং নিজের ভাষাকে হৃদয়ে লালন করার চিরন্তন প্রতিজ্ঞা। এই বিশেষ দিনে তাদের বার্তা ভক্তদের মধ্যে ভাষাপ্রেম ও দেশাত্মবোধের নতুন জোয়ার সৃষ্টি করেছে।

