২২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এপ্রিল থেকে এসআইআর, নির্দেশিকা জারি নির্বাচন কমিশনের
আগামী এপ্রিল মাস থেকে দেশের ২২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর (SIR) প্রক্রিয়া শুরু করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। এই লক্ষ্যে সংশ্লিষ্ট রাজ্যগুলোর প্রশাসনকে দ্রুত পরিকাঠামো গড়ে তোলার নির্দেশ দিয়ে চিঠি পাঠানো হয়েছে। অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, জম্মু ও কাশ্মীর এবং ওড়িশার মতো রাজ্যগুলোতে এই বিশাল কর্মযজ্ঞ মসৃণভাবে সম্পন্ন করার ওপর জোর দিয়েছে কমিশন।
নির্বাচন কমিশন সূত্রে খবর, এপ্রিলের এই প্রক্রিয়ার তালিকায় পশ্চিমবঙ্গ না থাকলেও রাজ্যে এসআইআর নিয়ে জটিলতা অব্যাহত। কাজের গাফিলতির অভিযোগে সম্প্রতি রাজ্যে সাতজন এইআরও এবং তিনজন মাইক্রো অবজার্ভারকে সাসপেন্ড করা হয়েছে। তবে প্রতিকূলতা সত্ত্বেও কমিশন জানিয়েছে যে, আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যেই পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধনীর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
চিঠিতে কমিশন স্পষ্ট করেছে যে, ভোটার তালিকা সংশোধনের এই প্রক্রিয়াকে স্বচ্ছ ও দ্রুত করতে প্রতিটি স্তরে প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন রাখতে হবে। বিশেষ করে চণ্ডীগড়, লাদাখ এবং দিল্লির মতো কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতেও যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের এই পদক্ষেপ আসন্ন নির্বাচনের আগে ভোটার তালিকা নিখুঁত করার একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।

