লেটেস্ট নিউজ

২৪ আকবর রোড ছাড়ার নির্দেশ, সাড়ে চার দশকের কংগ্রেস দপ্তরের স্মৃতিতে ইতি – এবেলা

এবেলা ডেস্কঃ

দিল্লির ঐতিহাসিক ২৪ নম্বর আকবর রোড এবং ৫ নম্বর রাইসিনা রোডের যুব কংগ্রেস দপ্তর আগামী শনিবারের মধ্যে খালি করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। ১৯৭৮ সাল থেকে দীর্ঘ সাড়ে চার দশক ধরে এই বাংলোটিই ছিল ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রধান কার্যালয়। গত বছরের জানুয়ারিতে কোটলা মার্গে দলের নতুন সদর দপ্তর উদ্বোধন হলেও, আকবর রোডের এই ভবনটি থেকে এখনও দলীয় কার্যক্রম পরিচালিত হচ্ছিল।

ঐতিহাসিক এই ভবনটি এক সময় মায়ানমারের নেত্রী আং সান সু চির আবাসন ছিল। ১৯৭৭ সালের নির্বাচনী বিপর্যয়ের পর ইন্দিরা গান্ধী এই বাংলোটি থেকেই দলকে পুনর্গঠিত করেছিলেন। রাজীব গান্ধী, পিভি নরসিমহা রাও এবং মনমোহন সিংয়ের সময়কালেও এটি ছিল রাজনীতির অন্যতম ভরকেন্দ্র। ফলে শতাব্দীপ্রাচীন এই দলের বহু প্রবীণ নেতার কাছে ভবনটি কেবল একটি কার্যালয় নয়, বরং এক গভীর আবেগ ও ইতিহাসের সাক্ষী।

সরকারি নিয়ম অনুযায়ী, ২০১০ সালেই রুজ অ্যাভিনিউতে নতুন জমির বিনিময়ে ৩ বছরের মধ্যে এই বাংলোটি ছেড়ে দেওয়ার কথা ছিল। ২০১৩ সালে সময়সীমা পেরিয়ে গেলেও নানা কারণে তা এতদিন কার্যকর হয়নি। এবার চূড়ান্ত নোটিস পাওয়ায় দীর্ঘদিনের সেই ঠিকানার মায়া কাটিয়ে কংগ্রেসকে তাদের সমস্ত কর্মকাণ্ড স্থায়ীভাবে নতুন কার্যালয়ে সরিয়ে নিতে হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *