৩২ হাজার কোটির ফ্র্যাঞ্চাইজি হস্তান্তর: বিপুল অঙ্কের লভ্যাংশ যাচ্ছে বিসিসিআইয়ের পকেটে – এবেলা
এবেলা ডেস্কঃ
আইপিএলের দুই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) এবং রাজস্থান রয়্যালস রেকর্ড মূল্যে বিক্রি হওয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) আয় আকাশছোঁয়া হতে চলেছে। আদিত্য বিড়লা গ্রুপের নেতৃত্বাধীন কনসোর্টিয়াম প্রায় ১৬,৮৯০ কোটি টাকায় আরসিবি-র মালিকানা পেয়েছে। অন্যদিকে, কাল সোমানির নেতৃত্বাধীন কনসোর্টিয়াম ১.৬৩ বিলিয়ন ডলার বা প্রায় ১৫,৩০০ কোটি টাকায় রাজস্থান রয়্যালস কিনে নিয়েছে। সব মিলিয়ে এই দুই দলের হাত বদলে প্রায় ৩২ হাজার কোটি টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।
বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী, প্রতিটি ফ্র্যাঞ্চাইজি হস্তান্তরের ক্ষেত্রে বোর্ড মোট লেনদেনের ৫ শতাংশ ট্রান্সফার ফি হিসেবে পায়। সেই হিসেবে আরসিবি-র বিক্রি থেকে বিসিসিআইয়ের কোষাগারে প্রায় ১৫৮৩ কোটি টাকা জমা পড়তে পারে। একইভাবে রাজস্থান রয়্যালসের লেনদেন থেকে বোর্ডের সম্ভাব্য আয় প্রায় ১৫৫০ কোটি টাকা। দশটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গেই বোর্ডের এই চুক্তি থাকায় মালিকানা পরিবর্তনের প্রতিটি ধাপেই বিসিসিআই আর্থিকভাবে লাভবান হচ্ছে।
তবে বিসিসিআইয়ের প্রকৃত আয়ের পরিমাণ এখনই নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না। কারণ রাজস্থান রয়্যালসের অধীনে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের লিগেও দল রয়েছে, যা একই সঙ্গে হস্তান্তর হয়েছে। বিদেশের এই ‘সিস্টার ফ্র্যাঞ্চাইজি’গুলোর লেনদেন থেকে বোর্ডের আয়ের হিসেবটি জটিল। উল্লেখ্য, আরসিবি-র নতুন মালিকানায় আদিত্য বিড়লা গ্রুপের পাশাপাশি টাইমস অফ ইন্ডিয়া গ্রুপ ও মার্কিন বিনিয়োগকারী সংস্থা ব্ল্যাকস্টোনও যুক্ত রয়েছে।

