৪ লেনের কল্যাণী এক্সপ্রেসওয়ের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী – এবেলা
এবেলা ডেস্কঃ
শহর ও শহরতলির যোগাযোগ ব্যবস্থায় নতুন মাইলফলক হিসেবে যুক্ত হচ্ছে ৪ লেনের আধুনিক কল্যাণী এক্সপ্রেসওয়ে। ৪৪.২ কিলোমিটার দীর্ঘ এই গুরুত্বপূর্ণ রাস্তার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২ মার্চ নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে ভার্চুয়াল মাধ্যমে তিনি এই প্রকল্পের সূচনা করবেন। প্রায় ২,৫০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই এক্সপ্রেসওয়েটি যোগাযোগ ব্যবস্থাকে আরও দ্রুত ও সুগম করবে।
বেলঘরিয়া থেকে বড় জাগুলিয়া পর্যন্ত বিস্তৃত এই পথে যাতায়াতে সময় লাগবে মাত্র ৪০ মিনিট। ট্র্যাফিক সিগন্যালমুক্ত এই সড়কে এলিভেটেড করিডর ও আন্ডারপাসের ব্যবস্থা রয়েছে। এটি বিমানবন্দর থেকে কল্যাণী এইমস পর্যন্ত সরাসরি ও দ্রুত সংযোগ স্থাপন করবে।
নতুন এই পথে চারটি বড় উড়ালপুল, সাতটি বড় আন্ডারপাস, ৫৬টি যাত্রী প্রতীক্ষালয় ও আধুনিক শৌচালয়ের সুবিধা রাখা হয়েছে। দূরপাল্লার ও স্থানীয় যাতায়াতে এটি যশোর রোড ও বিটি রোডের কার্যকর বিকল্প হিসেবে কাজ করবে।

