লেটেস্ট নিউজ

৮১৬ আসনে লোকসভা! মহিলা সংরক্ষণে কি বড় চমক আনছে মোদী সরকার? – এবেলা

এবেলা ডেস্কঃ

নয়াদিল্লি মহিলা সংরক্ষণ আইন কার্যকর করা নিয়ে তোলপাড় জাতীয় রাজনীতি। ২০২৯ সাল থেকে সংসদ ও বিধানসভাগুলোতে ৩৩ শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত করতে মরিয়া কেন্দ্র। প্রস্তাবিত নতুন সীমানা নির্ধারণ বা পরিসীমন অনুযায়ী লোকসভার মোট আসন সংখ্যা বেড়ে হতে পারে ৮১৬। যার মধ্যে ২৭৩টি আসনই থাকবে মহিলাদের জন্য সংরক্ষিত।

এই মেগা পরিকল্পনার মাঝেই সুর চড়িয়েছে বিরোধীরা। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের নেতৃত্বে ১৫টি বিরোধী দল সরকারকে যৌথ চিঠি দিয়েছে। বিরোধীদের দাবি পাঁচ রাজ্যের বিধানসভা ভোট মিটলে আগামী ২৯ এপ্রিলের পর সর্বদলীয় বৈঠক ডাকতে হবে কেন্দ্রকে। মূলত ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম ২০২৩’ বাস্তবায়নের রোডম্যাপ নিয়ে আলোচনার লক্ষ্যেই এই দাবি জানানো হয়েছে।

পার্লামেন্টারি বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজুকে দেওয়া ওই চিঠিতে শিবসেনা (ইউবিটি), এনসিপি (শারদ পাওয়ার), আম আদমি পার্টি ও বামপন্থীরা স্বাক্ষর করলেও দূরত্ব বজায় রেখেছে তৃণমূল কংগ্রেস। সরকারের হঠাৎ এই তৎপরতার পেছনে কোনো গভীর রাজনৈতিক কৌশল রয়েছে কি না তা খতিয়ে দেখতেই একজোট হয়েছে বিরোধী শিবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *