অক্সিজেন ছাড়াই এলব্রুসে ২৪ ঘণ্টা, ইতিহাস গড়লেন রোহিতাশ – এবেলা
এবেলা ডেস্কঃ
ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এলব্রুসে অক্সিজেন সিলিন্ডার ছাড়াই টানা ২৪ ঘণ্টা কাটিয়ে বিশ্বরেকর্ড গড়লেন ভারতীয় পর্বতারোহী রোহিতাশ খিলেরি। ৫,৬৪২ মিটার উচ্চতায় যেখানে অক্সিজেনের পরিমাণ প্রায় অর্ধেক থাকে, সেখানে দীর্ঘ সময় অবস্থান করা চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিতে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিরল এই কৃতিত্বের মাধ্যমে রোহিতাশ মানবদেহের সহনশীলতার নতুন এক নজির স্থাপন করেছেন।
হরিয়ানার এই বাসিন্দা জানিয়েছেন, দীর্ঘ আট বছরের কঠোর প্রস্তুতি ও মানসিক দৃঢ়তার ফলেই এই আসাম্ভব স্বপ্ন পূরণ হয়েছে। আগের অভিযানে ফ্রস্টবাইটের শিকার হলেও তিনি পিছিয়ে আসেননি। বিশেষজ্ঞরা এই সাফল্যকে শুধু পর্বতারোহণ নয়, বরং চরম প্রতিকূল পরিবেশে মানুষের টিকে থাকার ক্ষমতার এক অনন্য পরীক্ষা হিসেবে দেখছেন।

