অক্সিজেন নেই, জল নেই… তাও বেঁচে আছে! পৃথিবীর ‘বাহুবলী’ এই জীবটি দেখে বিজ্ঞানীরাও অবাক – এবেলা
এবেলা ডেস্কঃ
পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণী হিসেবে মানুষের নাম আসলেও বিজ্ঞানের চোখে আসল ‘বাহুবলী’ হলো টারডিগ্রেড বা ওয়াটার বিয়ার। মাইক্রোস্কোপিক এই ক্ষুদ্র জীবটি অবিশ্বাস্যভাবে ১৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে শুরু করে মহাকাশের চরম শীতল পরিবেশেও বেঁচে থাকতে পারে। ২০০৭ সালে এক গবেষণায় দেখা গেছে, মহাশূন্যের অক্সিজেনহীন পরিবেশে দীর্ঘ সময় কাটানোর পরও এরা শুধু জীবিতই ছিল না, বরং বংশবৃদ্ধিও করেছিল। আগ্নেয়গিরির উত্তাপ কিংবা তেজস্ক্রিয় বিকিরণ—কোনো কিছুই এই অজেয় প্রাণীকে দমাতে পারে না।
টারডিগ্রেডের টিকে থাকার মূল রহস্য হলো ‘ক্রিপ্টোবায়োসিস’ নামক এক বিশেষ প্রক্রিয়া। প্রতিকূল পরিবেশে এরা নিজেদের শরীর থেকে জল বের করে দিয়ে কয়েক বছর পর্যন্ত নিথর হয়ে পড়ে থাকতে পারে এবং অনুকূল পরিবেশ পাওয়া মাত্রই পুনরায় সক্রিয় হয়ে ওঠে। এদের শরীরে থাকা বিশেষ এক জিন অতিবেগুনি রশ্মিকে নীল আলোয় রূপান্তর করে শরীরকে সুরক্ষা দেয়। বিজ্ঞানীদের মতে, প্রকৃতির এই বিস্ময়কর সৃষ্টি চরম জলবায়ু পরিবর্তন ও মহাকাশ গবেষণার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।

