অজিত পওয়ারের উত্তরসূরি নিয়ে জল্পনা, কড়া জবাব সঞ্জয় রাউতের – এবেলা
এবেলা ডেস্কঃ
মুম্বই: বিমান দুর্ঘটনায় উপ-মুখ্যমন্ত্রী অজিত পওয়ারের অকাল প্রয়াণের রেশ কাটতে না কাটতেই তাঁর রাজনৈতিক উত্তরসূরি নিয়ে শুরু হয়েছে তীব্র জল্পনা। দলের অন্দরে অজিত-পত্নী সুনেত্রা পওয়ারকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা এবং দলের ব্যাটন তাঁর হাতে তুলে দেওয়ার দাবি উঠেছে।
এই পরিস্থিতিতে মুখ খুলেছেন শিবসেনা (ইউবিটি) সাংসদ সঞ্জয় রাউত। তিনি এই ধরণের চর্চাকে ‘অমানবিক’ বলে উল্লেখ করেছেন। রাউত বলেন, “যাঁরা এই মুহূর্তে পওয়ারের উত্তরসূরি নিয়ে আলোচনা করছেন, তাঁদের মধ্যে নূন্যতম মানবিকতা নেই। একজন মানুষ তাঁর স্বামীকে হারিয়েছেন, পরিবার এখনও শোকস্তব্ধ। এই সময়ে ক্ষমতার ভাগাভাগি নিয়ে কথা বলা অত্যন্ত কুরুচিকর।”
বর্তমানে রাজ্যসভার সাংসদ সুনেত্রা পওয়ারের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে এনসিপি-র (অজিত গোষ্ঠী) অন্দরে তৎপরতা তুঙ্গে। অন্যদিকে, অজিত পওয়ারের প্রয়াণে তৈরি হওয়া শূন্যস্থান পূরণে শরদ পওয়ার শিবিরের সঙ্গে দলের সংযুক্তিকরণের সম্ভাবনা নিয়েও রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে।

