অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনা: উদ্ধার ব্ল্যাক বক্স, মিলবে কি ধ্বংসের রহস্য? – এবেলা
এবেলা ডেস্কঃ
বারামতি: মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মর্মান্তিক বিমান দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই তদন্তে বড় সাফল্য মিলল। বারামতির দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে বিধ্বস্ত লিয়ারজেট ৪৫এক্সআর বিমানের ব্ল্যাক বক্স। বুধবারের এই ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অজিত পাওয়ারসহ মোট পাঁচজন।
তদন্তে কেন গুরুত্বপূর্ণ ব্ল্যাক বক্স?
বিমানের এই ব্ল্যাক বক্সটি আসলে উজ্জ্বল কমলা রঙের। এর ভেতরে থাকে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ— ডিজিটাল ফ্লাইট ডেটা রেকর্ডার (DFDR) এবং ককপিট ভয়েস রেকর্ডার (CVR)। ডিএফডিআর থেকে বিমানের যান্ত্রিক পরিস্থিতির খুঁটিনাটি জানা যাবে এবং সিভিআর থেকে পাওয়া যাবে পাইলটদের শেষ মুহূর্তের কথোপকথন। দুর্ঘটনার কারণ যান্ত্রিক গোলযোগ নাকি আবহাওয়া, তা স্পষ্ট হবে এই বক্সটি বিশ্লেষণের পরেই।
ঘটনাস্থলে ফরেন্সিক ও ডিজিএসিএ
বৃহস্পতিবার সকাল থেকেই বারামতির দুর্ঘটনাস্থলে মোতায়েন রয়েছে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (DGCA) ও ফরেন্সিক বিশেষজ্ঞরা। সংগৃহীত নমুনা এবং ব্ল্যাক বক্সের তথ্য খতিয়ে দেখে দ্রুত রিপোর্ট পেশ করা হবে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, বুধবার সকাল ৮টা ১১ মিনিটে মুম্বই থেকে ওড়ার মাত্র ৩৩ মিনিটের মাথায় ভেঙে পড়ে চার্টার্ড বিমানটি। গোটা দেশ যখন শোকস্তব্ধ, তখনই আজ বৃহস্পতিবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হচ্ছে অজিত পাওয়ারের।
