লেটেস্ট নিউজ

অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশের আগে উচ্চপর্যায়ের বৈঠক রাজ্যের নিরাপত্তা পর্যালোচনায় প্রধান বিচারপতি – এবেলা

এবেলা ডেস্কঃ

বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) পর শুক্রবার অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশের সম্ভাবনাকে কেন্দ্র করে রাজ্যের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসলেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। বৃহস্পতিবার সকালে স্বরাষ্ট্রসচিব সংঘমিত্রা ঘোষ, পুলিশ ডিজি সিদ্ধনাথ গুপ্ত এবং কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দের উপস্থিতিতে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়। রাজ্যের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখাই ছিল এই আলোচনার মূল লক্ষ্য।

গত ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত আসাম্পূর্ণ ভোটার তালিকায় প্রায় ৬০ লক্ষ নাম ‘বিবেচনাধীন’ হিসেবে রাখা হয়েছিল। হাই কোর্ট নিযুক্ত ৭০০-র বেশি বিচারবিভাগীয় আধিকারিকের তত্ত্বাবধানে বর্তমানে এই নামগুলোর দ্রুত নিষ্পত্তি চলছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, ইতিমধ্য়েই ২৩ লক্ষেরও বেশি নামের কাজ সম্পন্ন হয়েছে। কাজের এই গতি বজায় থাকলে নির্বাচনের আগেই সমস্ত আসাম্পূর্ণ তালিকা চূড়ান্ত করা সম্ভব হবে বলে আশা করছে সিইও দপ্তর।

প্রথম দফার অতিরিক্ত তালিকা প্রকাশের পর বেশ কিছু নাম বাদ যাওয়ার আশঙ্কায় রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। উদ্ভূত পরিস্থিতিতে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। মূলত এই নিরাপত্তা জনিত উদ্বেগ থেকেই প্রধান বিচারপতি সরাসরি প্রশাসনিক ও পুলিশি প্রধানদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেন, যা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *