অদম্য মেহতাব-বাহিনী! টানা ৪ জয়ে বেঙ্গল সুপার লিগের মগডালে সুন্দরবন – এবেলা
এবেলা ডেস্কঃ
বেঙ্গল সুপার লিগে জয়ের ধারা বজায় রেখে শীর্ষস্থান দখল করল মেহতাব হোসেনের প্রশিক্ষণাধীন সুন্দরবন বেঙ্গল অটো এফসি। বুধবার মেদিনীপুরের অরবিন্দ স্টেডিয়ামে এফসি মেদিনীপুরকে ২-০ গোলে অনায়াসে হারিয়েছে তারা। ম্যাচের শুরুতেই মাত্র ৯ মিনিটের ঝড়ে কুপোকাত হয় প্রতিপক্ষ। সুন্দরবনের হয়ে গোল দুটি করেন মহম্মদ তৌফিক ও কোয়াসি। টানা চার ম্যাচ জিতে বর্তমানে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের মগডালে অবস্থান করছে অপরাজিত সুন্দরবন।
অন্যদিকে, ঘরের মাঠে খেলেও হারের মুখ দেখতে হলো এফসি মেদিনীপুরকে। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা চালালেও সুন্দরবনের আঁটসাঁট রক্ষণে ফাটল ধরাতে পারেনি তারা। চার ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে মেদিনীপুর। নজরকাড়া পারফরম্যান্সের জন্য ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন তৌফিক। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা জেএইচআর রয়্যাল সিটির সংগ্রহ ৯ পয়েন্ট। সুন্দরবনের এই ধারাবাহিক জয় এখন ফুটবল মহলে আলোচনার তুঙ্গে।

