অধীর চৌধুরীকে খুনের ছক কষেছিলেন মমতা? অভিষেকের সেটিং তত্ত্বের পাল্টা বিস্ফোরক দাবি কংগ্রেস নেতার – এবেলা
এবেলা ডেস্কঃ
মুর্শিদাবাদের নওদায় নির্বাচনী সভা থেকে অধীর চৌধুরীর কেন্দ্রীয় নিরাপত্তা ও দিল্লির বাংলো নিয়ে সরাসরি ‘সেটিং’ তত্ত্ব খাড়া করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার সেই আক্রমণের পাল্টা দিয়ে বিস্ফোরক দাবি করলেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী।
অধীর চৌধুরীর স্পষ্ট দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে সশরীরে শেষ করে দেওয়ার পরিকল্পনা করেছিলেন। তিনি বলেন, “মমতা নিজেই আমাকে খুন করাতে চান। ডোমকলের বর্তমান প্রার্থী হুমায়ুন কবীর যখন এসপি ছিলেন, তখন আমার ওপর হামলার ছক কষা হয়েছিল।” অভিষেকের ‘সোনার চামচ’ মন্তব্যকে কটাক্ষ করে অধীর জানান, তাঁর নিরাপত্তা দীর্ঘদিনের এবং প্রয়োজনে রাজ্য পুলিশও তাঁকে পাইলট কার দিয়ে এসকর্ট করে।
দিল্লির বাংলো না ছাড়া প্রসঙ্গে অধীর পাল্টা আক্রমণ শানিয়ে জানান, কে কার সঙ্গে সেটিং করছে তা মানুষ ভালোই বোঝে। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে দুই শিবিরের এই সম্মুখ সমরে এখন তপ্ত বাংলার রাজনৈতিক মহল।

