অনিশ্চয়তায় ফুটবল আমেরিকায় খেলতে নারাজ ইরান, বিকল্প ভেন্যু হতে প্রস্তুত মেক্সিকো – এবেলা
এবেলা ডেস্কঃ
নিরাপত্তা ও রাজনৈতিক উত্তেজনার কারণ দেখিয়ে ২০২৬ ফুটবল বিশ্বকাপে আমেরিকার মাটিতে খেলতে আপত্তি জানিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এবং ভিসা জটিলতার আশঙ্কায় ইরানি ফুটবল ফেডারেশন ফিফার কাছে আনুষ্ঠানিকভাবে ভেন্যু পরিবর্তনের আবেদন করেছে। এই প্রেক্ষাপটে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম জানিয়েছেন, ফিফা রাজি থাকলে ইরানের ম্যাচগুলো মেক্সিকোতে আয়োজন করতে তাদের কোনো আপত্তি নেই।
আসন্ন আসরে ইরানের তিনটি গ্রুপ ম্যাচ লস অ্যাঞ্জেলেস ও সিয়াটলে হওয়ার কথা রয়েছে। নিউজিল্যান্ড, বেলজিয়াম ও মিশরের বিপক্ষে এই লড়াইগুলো নিয়ে এখন চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। মেক্সিকো অন্যতম আয়োজক দেশ হওয়ায় তারা বিকল্প আস্তানা হিসেবে আগ্রহ দেখালেও সূচি ও সম্প্রচার চুক্তির জটিলতায় বিষয়টি এখনো ঝুলে আছে। ফিফা এই স্পর্শকাতর বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
ফিফা র্যাঙ্কিংয়ে ২০ নম্বরে থাকা ইরান এশিয়ার অন্যতম শীর্ষ শক্তি এবং টানা চতুর্থবার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। মাঠের লড়াই ছাপিয়ে এখন ভূ-রাজনীতির ছায়া সরাসরি ফুটবল বিশ্বমঞ্চে আছড়ে পড়েছে। ফুটবলপ্রেমীরা এখন ফিফার সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন, কারণ একটি শক্তিশালী দলের অংশগ্রহণ নিশ্চিত করা আয়োজকদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

