অনুমতি নেই এমন বিমান পাঠিয়ে বিপাকে এয়ার ইন্ডিয়া, মাঝ আকাশ থেকে ফিরল দিল্লি – এবেলা
এবেলা ডেস্কঃ
দিল্লি থেকে কানাডার ভ্যাঙ্কুভারগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান সাত ঘণ্টা ওড়ার পর মাঝ আকাশ থেকে দিল্লিতে ফিরে আসতে বাধ্য হয়েছে। ভুলবশত এমন একটি বিমান (বোয়িং ৭৭৭-২০০এলআর) পাঠানো হয়েছিল, যার কানাডার আকাশসীমায় প্রবেশের প্রয়োজনীয় অনুমতি ছিল না। চিনের আকাশসীমায় পৌঁছানোর পর এই প্রশাসনিক গাফিলতি নজরে আসায় তড়িঘড়ি বিমানটিকে ঘুরিয়ে আনা হয়।
এই ঘটনায় প্রায় সাত ঘণ্টা আকাশে কাটিয়ে সন্ধ্যার দিকে দিল্লিতে নিরাপদে অবতরণ করেন যাত্রীরা। এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের দাবি, অপারেশনাল সমস্যার কারণেই এই বিরল বিপত্তি ঘটেছে। মাঝপথে বিমান ফিরে আসায় বিপুল পরিমাণ জ্বালানি খরচ ও আর্থিক ক্ষতির মুখে পড়েছে সংস্থাটি। তবে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
বিমানের যাত্রীদের জন্য তাৎক্ষণিকভাবে হোটেলের ব্যবস্থা করা হয় এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, পরদিন সকালে অন্য একটি বিমানে যাত্রীদের ভ্যাঙ্কুভারে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এই ঘটনার জেরে এয়ারলাইনের অভ্যন্তরীণ সমন্বয় ও গাফিলতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

