লেটেস্ট নিউজ

অন্তরঙ্গ ভিডিও সামাজিক মাধ্যমে ফাঁস, অপমানে আত্মঘাতী বাঁকুড়ার তরুণী

বাঁকুড়ার পাত্রসায়র থানা এলাকায় এক ২৩ বছর বয়সী তরুণীর আত্মহত্যার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, সামাজিক মাধ্যমে আলাপ হওয়া এক যুবকের লালসার শিকার হন ওই তরুণী। অভিযুক্ত যুবক নিজেকে সেনাকর্মী পরিচয় দিয়ে বিয়ের প্রতিশ্রুতিতে তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। গত শুক্রবার বর্ধমানের একটি হোটেলে তাঁদের একান্ত মুহূর্তের ভিডিও গোপনে রেকর্ড করে ওই যুবক, যা পরবর্তীতে বিবাদের জেরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।

শনিবার রাতে নিজ বাসভবন থেকে তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের দাবি, অন্তরঙ্গ ভিডিও প্রকাশ্যে আসায় এবং লোকলজ্জার ভয়েই চরম পথ বেছে নিয়েছেন তাঁদের মেয়ে। ঘটনার পর থেকেই অভিযুক্ত যুবক পলাতক। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

মৃতার পরিবারের অভিযোগ, অভিযুক্ত যুবক ভুয়ো পরিচয় দিয়ে তাঁদের মেয়েকে ব্ল্যাকমেল করছিল। তরুণীর মামা জানিয়েছেন, অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে তাঁরা সরব হয়েছেন। প্রতারক প্রেমিকের খোঁজে পুলিশ বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছে এবং এই ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *