অন্নপূর্ণা পুজোর মুখেও ফিকে ডোমপাড়ার হাসি: দিনরাত খেটেও কাটছে না চালচিত্র শিল্পীদের অভাব – এবেলা
এবেলা ডেস্কঃ
আগামী সপ্তাহে অন্নপূর্ণা পুজোকে কেন্দ্র করে উত্তর কলকাতার রামবাগানের ডোমপাড়ায় এখন চরম ব্যস্ততা। রমেশ দত্ত স্ট্রিট ও আদিত্য মল্লিক লেনের শিল্পীরা দিনরাত এক করে বাঁশের কঞ্চি, আঠা এবং রঙিন কাগজ দিয়ে প্রতিমার চালচিত্র তৈরিতে মগ্ন। অন্নপূর্ণা মূর্তির শোভাবর্ধক এই শিল্পকর্মের চাহিদা তুঙ্গে থাকলেও শিল্পীদের জীবন কাটছে চরম দারিদ্র্যে।
ব্যস্ততার মাঝেও পূজা সাঁতরা ও মালতি সাহাদের মতো শিল্পীদের কণ্ঠে ঝরে পড়ছে আক্ষেপ। তাঁরা জানান, একটি চালচিত্র তৈরি করে মজুরি মেলে মাত্র ৩০০ টাকা, যা দিয়ে বর্তমান বাজারে সংসার চালানো আসাম্ভব। উৎসবের মরসুমে কাজের চাপ বাড়লে কিছুটা বাড়তি উপার্জনের মুখ দেখলেও সারা বছর অভাব আর অন্ধকারই তাঁদের নিত্যসঙ্গী। পুজো মণ্ডপ আলোকিত হলেও তাঁদের নিজেদের ঘরে আনন্দ পৌঁছায় না।
ডোমপাড়ার বিস্তীর্ণ এলাকা জুড়ে এখন কেবল অন্নপূর্ণার বিশাল চালচিত্র ও সাজ-সরঞ্জাম তৈরির ধুম। বাংলা নববর্ষ পর্যন্ত ঘট, ডাব ও আম শাখার মতো মাঙ্গলিক উপকরণের বরাত মেলায় শিল্পীরা সময়মতো কাজ শেষ করার চ্যালেঞ্জ নিচ্ছেন। তবে সব জিনিসের আকাশছোঁয়া দাম বাড়লেও তাঁদের শ্রমের মূল্য না বাড়ায় আগামী দিনে এই শিল্প টিকিয়ে রাখা নিয়ে বড়সড় সংশয় তৈরি হয়েছে।

