অপারেশন সিন্দুরে বাজিমাত, কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন INS সুরাটের নয়া রেকর্ড – এবেলা
এবেলা ডেস্কঃ
মুম্বই: ভারতীয় নৌসেনায় যোগ দেওয়ার এক বছর পূর্ণ করল অত্যাধুনিক যুদ্ধজাহাজ INS সুরাট। ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের অধীনে তৈরি এই রণতরীটি গত এক বছরে বিশেষ করে ‘অপারেশন সিন্দুর’-এ অভাবনীয় সাফল্য পেয়েছে।
কেন বিশেষ এই যুদ্ধজাহাজ?
- AI প্রযুক্তি: এটি ভারতের প্রথম যুদ্ধজাহাজ যাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও মেশিন লার্নিং ব্যবহার করা হয়েছে। এর ফলে শত্রুর গতিবিধি দ্রুত শনাক্ত করে সিদ্ধান্ত নিতে সুবিধা হয়।
- অস্ত্রভাণ্ডার: জাহাজটি ব্রহ্মস সুপারসোনিক ক্রুজ মিসাইল, বারাক-৮ এয়ার ডিফেন্স সিস্টেম এবং উন্নত টর্পেডো লঞ্চারে সজ্জিত।
- দেশীয় গর্ব: প্রজেক্ট ১৫-বি-র আওতায় তৈরি এই জাহাজের ৭৫ শতাংশ সরঞ্জামই সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি।
অপারেশন সিন্দুর ও INS সুরাট
কমান্ডিং অফিসার ক্যাপ্টেন সন্দীপ শৌরি জানান, গত এক বছরে আরব সাগর ও ভারত মহাসাগরে কড়া নজরদারি চালিয়েছে এই জাহাজ। বিশেষ করে অপারেশন সিন্দুরের সময় এর সেন্সর ডেটা ও AI টুল নিখুঁত নিশানায় সাহায্য করেছে। ৭,৬০০ টন ওজনের এই ‘ভাসমান দুর্গ’ একটানা ৪৫ দিন সমুদ্রে মোতায়েন থাকতে সক্ষম।
পিআইবি-র বিশেষ উদ্যোগে সম্প্রতি নারী সাংবাদিকদের একটি প্রতিনিধি দল এই শক্তিশালী যুদ্ধজাহাজটি পরিদর্শন করেন, যা ভারতের ক্রমবর্ধমান সামুদ্রিক শক্তির এক উজ্জ্বল নিদর্শন।

