অবতরণের সময় যান্ত্রিক ত্রুটি, রানওয়ে থেকে ছিটকে বিধ্বস্ত তেজস যুদ্ধবিমান
প্রশিক্ষণ শেষে অবতরণের সময় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল ভারতীয় বায়ুসেনার দেশীয় প্রযুক্তিতে নির্মিত তেজস যুদ্ধবিমান। গত ৭ ফেব্রুয়ারি ঘটা এই দুর্ঘটনায় বিমানটির ব্রেক ফেল করায় সেটি রানওয়ে থেকে ছিটকে গিয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে নিশ্চিত মৃত্যুর মুখ থেকে রক্ষা পেয়েছেন পাইলট; দুর্ঘটনার ঠিক আগ মুহূর্তে তিনি বিমান থেকে লাফিয়ে বের হতে সক্ষম হন। সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি না এলেও সম্প্রতি সংবাদমাধ্যম সূত্রে এই তথ্য জনসমক্ষে এসেছে।
এই ঘটনার পর বায়ুসেনার পক্ষ থেকে বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছে। যান্ত্রিক ত্রুটি খতিয়ে দেখতে প্রায় ৩০টি এক আসন বিশিষ্ট তেজস যুদ্ধবিমানকে সাময়িকভাবে বসিয়ে দেওয়া হয়েছে। তদন্ত কমিটির পক্ষ থেকে সবুজ সংকেত না পাওয়া পর্যন্ত এই বিমানগুলো আর আকাশে উড়বে না। উল্লেখ্য, ২০২৪ সালের মার্চ এবং দুবাই এয়ার শোর পর এটি তেজস যুদ্ধবিমানের তৃতীয় বড় দুর্ঘটনা।
শত্রুপক্ষকে মোকাবিলায় বায়ুসেনার অন্যতম প্রধান ভরসা এই তেজস। হিন্দুস্থান এরোনটিক্স লিমিটেডকে (হ্যাল) ইতিমধ্যে ১৮০টি নতুন তেজস তৈরির বরাত দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। বারবার দুর্ঘটনার কবলে পড়ায় এই যুদ্ধবিমানের নিরাপত্তা ও যান্ত্রিক সক্ষমতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখে বায়ুসেনার এই নির্ভরযোগ্য বিমানের ত্রুটি সংশোধনে বিশেষ জোর দিচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

