অবসরের ঘোষণা দিলেও অরিজিতের নতুন গান আসবে আগামী বছর পর্যন্ত – এবেলা
এবেলা ডেস্কঃ
February 25, 202610:22 am
চলতি বছরের জানুয়ারিতে প্লেব্যাক থেকে অবসরের ঘোষণা দিয়ে ভক্তদের চমকে দিয়েছিলেন প্রখ্যাত গায়ক অরিজিৎ সিং। তবে সম্প্রতি এক আবেগঘন বার্তায় তিনি জানিয়েছেন, নতুন কাজ হাতে না নিলেও তাঁর বেশ কিছু আসামাপ্ত গান এখনো প্রকাশের অপেক্ষায় রয়েছে। এই গানগুলো ধাপে ধাপে মুক্তি পাবে, যা আগামী বছর পর্যন্ত চলতে পারে।
সোশ্যাল মিডিয়ায় ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অরিজিৎ জানান, তাঁর ঝুলিতে থাকা মুলতুবি গানের তালিকাটি বেশ দীর্ঘ। এই কাজগুলো শেষ না হওয়া পর্যন্ত নিয়মিত বিরতিতে তা শ্রোতাদের কাছে পৌঁছাবে। প্রতিকূল পরিস্থিতিতে ভক্তদের নিঃস্বার্থ ভালোবাসা ও প্রার্থনার জন্য তিনি সকলকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন।
২০০৫ সালে সংগীত সফর শুরু করা এই শিল্পী ‘আশিকি ২’-এর মাধ্যমে রাতারাতি জনপ্রিয়তার শিখরে পৌঁছান। সাফল্যের শীর্ষে থেকেও তিনি মঞ্চ থেকে দূরে সরে গিয়ে নিজের নতুন অধ্যায় শুরুর ইঙ্গিত দিয়েছেন। তবে প্রিয় গায়কের কণ্ঠ আরও এক বছর শুনতে পাবেন জেনে স্বস্তিতে রয়েছেন অনুরাগীরা।

