লেটেস্ট নিউজ

অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে বিধাননগরে পুলিশের হাইভোল্টেজ বৈঠক – এবেলা

এবেলা ডেস্কঃ

আসন্ন নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে তৎপর হয়ে উঠেছে বিধাননগর পুলিশ কমিশনারেট। রবিবার বাগুইআটি থানায় পুলিশ কমিশনার মুরলীধরের নেতৃত্বে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনের দেওয়া ৬ দফা গাইডলাইন কার্যকর করতে এই বৈঠকে ডিসি (এয়ারপোর্ট) ঐশ্বর্য সাগরসহ পদস্থ পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন। মূলত হিংসা মুক্ত ভোটদান এবং আদর্শ আচরণবিধি কঠোরভাবে প্রয়োগ করাই এই সভার মূল লক্ষ্য ছিল।

পুলিশ কমিশনার জানান, নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী ভোটে হিংসা দমন, ভোটারদের ভীতি প্রদর্শন রোধ, অবৈধ প্রলোভন বন্ধ এবং বুথ দখল বা ছাপ্পা ভোট রুখতে পুলিশ বদ্ধপরিকর। এছাড়া সোর্স জ্যামিং প্রতিরোধে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রতিটি বুথ এবং স্পর্শকাতর এলাকায় কড়া নজরদারি চালানোর জন্য সমস্ত অফিসারদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

ভোটারদের মধ্যে আস্থা ফেরাতে ইতিমধ্যেই বাগুইআটির বিভিন্ন উপদ্রুত এলাকায় রুট মার্চ ও পরিদর্শন শুরু করেছে পুলিশ। ডিসি (এয়ারপোর্ট) এবং বাগুইআটি থানার আইসি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে সমস্যার খোঁজ নিচ্ছেন। পুরনো নির্বাচনের অভিজ্ঞতার ভিত্তিতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। নাগরিকদের আশ্বস্ত করে জানানো হয়েছে যে, কোনো প্রকার ভয় বা সমস্যার সম্মুখীন হলে তারা যেন সরাসরি পুলিশের সঙ্গে যোগাযোগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *