অবিলম্বে নিয়োগের দাবিতে উত্তাল করুণাময়ী, বিকাশ ভবন অভিযানে পুলিশের সাথে চাকরিপ্রার্থীদের তুমুল ধস্তাধস্তি – এবেলা
এবেলা ডেস্কঃ
কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশের পর কেটে গিয়েছে দীর্ঘ সময়, তবুও মেলেনি নিয়োগের সবুজ সংকেত। অবশেষে নিজেদের দাবি আদায়ে রাজপথে নামলেন আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা। বৃহস্পতিবার সকালে ১২৪১ জন চাকরিপ্রার্থীর বিকাশ ভবন অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় সল্টলেকের করুণাময়ী চত্বর।
এদিন সকালে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের ব্যানারে করুণাময়ী থেকে বিশাল মিছিল শুরু হয়। মিছিলটি বিকাশ ভবনের দিকে অগ্রসর হওয়ার সময় ময়ূখ ভবনের সামনে ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। সেই বাধা টপকে বিক্ষোভকারীরা বিকাশ ভবনের গেটের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের পক্ষ থেকে বারবার মাইকিং করা হলেও নিজেদের দাবিতে অনড় থাকেন আন্দোলনকারীরা।
বিক্ষোভকারীদের প্রধান দাবি, আদালতের নির্দেশ মেনে ১২৪১ জন প্রার্থীর কাউন্সেলিং ও নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে। পুলিশের বাধা পেয়ে প্রার্থীরা রাস্তার ওপর বসেই স্লোগান দিতে থাকেন এবং দীর্ঘক্ষণ বিক্ষোভ প্রদর্শন করেন। দীর্ঘ প্রতীক্ষার পর শিক্ষা দপ্তরের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় থাকা এই চাকরিপ্রার্থীরা আজ সল্টলেকের রাজপথে তাঁদের ক্ষোভ উগরে দেন।

