অভিমান ভুলে মমতাকে জেতাতে একজোট হওয়ার ডাক শতাব্দী রায়ের – এবেলা
এবেলা ডেস্কঃ
তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পর বীরভূমে প্রথম নির্বাচনী প্রচারে নামলেন সাংসদ শতাব্দী রায়। শুক্রবার সকালে সিউড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থী উজ্জ্বল চট্টোপাধ্যায়কে সঙ্গে নিয়ে কড়িধ্যা, বড়মহুলা ও মৌল-পাঁচকাট এলাকায় ব্যাপক জনসংযোগ করেন তিনি। বড়মহুলাতে তাঁর উপস্থিতিতেই সিপিএম ছেড়ে একদল কর্মী তৃণমূলে যোগদান করেন। প্রচারের মঞ্চ থেকে কেন্দ্র সরকারকে তোপ দেগে ভোটার তালিকা ও এসআইআর ইস্যুতে চড়া সুরে আক্রমণ শানান শতাব্দী।
এদিনের কর্মসূচিতে দলীয় ঐক্যের ওপর বিশেষ জোর দেন সাংসদ। বিদায়ী বিধায়ক বিকাশ রায়চৌধুরী টিকিট না পাওয়ায় দলের অন্দরে তৈরি হওয়া ক্ষোভ প্রশমনে তিনি কড়া বার্তা দেন। শতাব্দীর সাফ কথা, ব্যক্তিগত অভিমান বা কারোর টিকিট না পাওয়া নিয়ে অসন্তোষ থাকলেও তা সরিয়ে রেখে ময়দানে নামতে হবে। তৃণমূল ক্ষমতায় থাকলেই সকলের পদ ও মর্যাদা বজায় থাকবে বলে তিনি দলীয় কর্মীদের স্মরণ করিয়ে দেন।
সিউড়ি জেলা পার্টি অফিসে রুদ্ধদ্বার বৈঠকেও শতাব্দী রায় স্পষ্ট জানান, এই লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়কে পুনরায় মুখ্যমন্ত্রী করার লড়াই। কোনোভাবেই নির্বাচনের কাজে ঢিলেমি দেওয়া চলবে না। দলের সমস্ত স্তরের নেতা-কর্মীদের এককাট্টা হয়ে জনবিরোধী বিজেপিকে হটিয়ে উন্নয়নের পক্ষে ভোট দেওয়ার আবেদন জানান তিনি। প্রাক্তন বিধায়ক স্বপন ঘোষসহ স্থানীয় নেতৃত্বকে নিয়ে রণকৌশল সাজিয়ে জয়ের লক্ষ্যেই ঝাঁপানোর নির্দেশ দেন শতাব্দী।

