অভ্যন্তরীণ কোন্দলে জেরবার বিজেপি, প্রার্থী তালিকা নিয়ে জট অব্যাহত, বদল একাধিক আসনে

অভ্যন্তরীণ কোন্দলে জেরবার বিজেপি, প্রার্থী তালিকা নিয়ে জট অব্যাহত, বদল একাধিক আসনে

বাংলার বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকা নিয়ে চরম টানাপোড়েনের মুখে পড়ল ভারতীয় জনতা পার্টি। চতুর্থ দফার প্রার্থী তালিকা প্রকাশিত হলেও এখনও ছয়টি গুরুত্বপূর্ণ কেন্দ্রে প্রার্থী ঘোষণা করতে পারেনি গেরুয়া শিবির। কৃষ্ণনগর উত্তর, কল্যাণী, নবদ্বীপ, দমদম উত্তর, মধ্যমগ্রাম এবং কলকাতা বন্দর আসনে প্রার্থী বাছাই নিয়ে দলের অন্দরে জটিলতা বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে আগের ঘোষিত প্রার্থী বদল করতেও বাধ্য হচ্ছে বিজেপি নেতৃত্ব, যা দলের অস্বস্তি আরও বাড়িয়ে দিয়েছে।

দলের কর্মীদের বিক্ষোভের চাপে ইতিমধ্যে ময়নাগুড়ি আসনে কৌশিক রায়ের বদলে ডালিম রায় এবং বিষ্ণুপুরে অগ্নীশ্বর নস্করের পরিবর্তে বিশ্বজিৎ খাঁকে টিকিট দেওয়া হয়েছে। প্রার্থী নিয়ে অসন্তোষ এতটাই চরমে পৌঁছেছে যে, রাজ্যের বিভিন্ন প্রান্তে পার্টি অফিস ভাঙচুর থেকে শুরু করে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটেছে। সিতাই কেন্দ্রে গ্রেটার নেতা আশুতোষ বর্মাকে প্রার্থী করায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ক্ষুব্ধ কর্মীরা হুঁশিয়ারি দিয়েছেন, প্রার্থী বদল না হলে তাঁরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাতেও যোগ দেবেন না।

অন্যান্য উল্লেখযোগ্য রদবদলের মধ্যে নাটাবাড়িতে বিদায়ী বিধায়ক মিহির গোস্বামীকে সরিয়ে গিরিজা শংকর রায়কে টিকিট দেওয়া হয়েছে। বাগদা আসনে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুরকে প্রার্থী করায় সেখানে তৃণমূলের মধুপর্ণা ঠাকুরের সঙ্গে পারিবারিক লড়াই নিশ্চিত হয়েছে। এদিকে, দলবদলুদের টিকিট না দেওয়ার যে বার্তা বিজেপি দিয়েছিল, চৌরঙ্গি আসনে কংগ্রেস থেকে আসা সন্তোষ পাঠককে প্রার্থী করে সেই অবস্থান থেকেও সরে এল দল।

বাকি থাকা ছয়টি আসনের জট কাটাতে হিমশিম খাচ্ছে কেন্দ্রীয় নেতৃত্ব। এরই মধ্যে দিল্লিতে বিজেপিতে যোগ দিয়েছেন প্রাক্তন টেনিস তারকা লিয়েন্ডার পেজ। মাইকেল মধুসূদন দত্তের বংশধর লিয়েন্ডারকে কোনো হাই-প্রোফাইল আসনে প্রার্থী করে ভোটযুদ্ধে চমক দেওয়া হতে পারে বলে জল্পনা শুরু হয়েছে। তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত শীর্ষ নেতৃত্বই নেবেন বলে জানিয়েছেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সব মিলিয়ে প্রার্থী তালিকা ঘিরে বিজেপির অন্দরে এখন কার্যত হাহাকার পরিস্থিতি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *