অমর্ত্য সেনকে তলব: বিজেপি ও কমিশনকে তীব্র আক্রমণ মমতার – এবেলা
এবেলা ডেস্কঃ
নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে এসআইআর (SIR) শুনানিতে ডাকার ঘটনায় এবার সরাসরি বিজেপি এবং নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারের সমালোচনা করতে গিয়ে তিনি বলেন, “আজ রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকলে হয়তো তাঁকেও নোটিশ পাঠাত এরা।”
এদিন মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, এসআইআর প্রক্রিয়ার আড়ালে নির্বাচন কমিশন ও বিজেপির মধ্যে গভীর যোগসাজশ রয়েছে। ভোটার তালিকা থেকে প্রায় ৫৪ লক্ষ মানুষের নাম বাদ পড়া নিয়ে প্রশ্ন তুলে মমতা বলেন, “এত বিপুল সংখ্যক মানুষের নাম কোথা থেকে বাদ গেল? কাদের নাম বাদ দেওয়া হয়েছে বা তালিকায় বর্তমানে কারা রয়েছেন, সে বিষয়ে কমিশন কিছুই জানাচ্ছে না।” এই পুরো প্রক্রিয়াটি অত্যন্ত অস্বচ্ছ এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে তিনি দাবি করেন।

