অমর্ত্য সেনের পর এবার নির্বাচন কমিশনের নজরে প্রাক্তন পুলিশ কমিশনার প্রসূন মুখোপাধ্যায় – এবেলা
এবেলা ডেস্কঃ
নোবেলজয়ী অমর্ত্য সেনের পর এবার নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর তালিকায় নাম জড়াল কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার প্রসূন মুখোপাধ্যায় ও তাঁর পুত্র রণজিৎ মুখোপাধ্যায়ের। ২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকার অজুহাতে তাঁদের আগামী ১৪ ও ১৫ জানুয়ারি বিধাননগর মহকুমাশাসকের দফতরে শুনানির জন্য তলব করা হয়েছে। দীর্ঘ সময় ধরে ভোটাধিকার প্রয়োগ করা সত্ত্বেও এই তলবে বিস্ময় প্রকাশ করেছে মুখোপাধ্যায় পরিবার।
প্রাক্তন আইপিএস অফিসারের পুত্র রণজিৎ মুখোপাধ্যায় এই ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। তাঁর প্রশ্ন, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সময় সমস্ত নথি যাচাই করা হলেও এখন কেন এই জটিলতা তৈরি করা হচ্ছে। কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশনকে ব্যবহার করে আসলে পরোক্ষভাবে এনআরসি প্রক্রিয়া কার্যকর করার চেষ্টা চলছে। নথিপত্র নিয়ে শুনানিতে হাজির হওয়ার কথা জানালেও কমিশনের এই পদক্ষেপে ক্ষুব্ধ পরিবার।

