লেটেস্ট নিউজ

অমিত শাহের মায়াপুর সফরের আগে মহুয়ার তোপ, ‘দেবতারা আশীর্বাদ করলেও জিতবে না বিজেপি’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র বিজেপি ও নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ করেছেন। মঙ্গলবার কৃষ্ণনগর পুরসভা এলাকায় একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করতে এসে তিনি অভিযোগ করেন, বিজেপি কমিশনকে ব্যবহার করে বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করছে। মহুয়ার দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও জমি বা বাড়ির বৈধ নথি থাকা ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা চলছে।

বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মায়াপুর সফর নিয়েও স্বভাবসিদ্ধ ভঙ্গিতে কটাক্ষ করেছেন মহুয়া মৈত্র। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে বাংলায় স্বাগত, তবে রাজনৈতিক ফায়দা লুটতে নয়, সারা বছর এখানে এলে খুশি হতেন। বিজেপিকে বিঁধে তাঁর মন্তব্য, মায়াপুর বা কৃষ্ণনগরের সমস্ত মন্দিরে মাথা ঠেকিয়ে দেবতাদের আশীর্বাদ নিলেও এবার আর নির্বাচনে বৈতরণী পার হওয়া বিজেপির পক্ষে সম্ভব নয়।

ভোটার তালিকায় নাম সংশোধন নিয়ে আগামী ২০ ফেব্রুয়ারি গুরুত্বপূর্ণ শুনানি রয়েছে। সাংসদ প্রশ্ন তুলেছেন, সরকারি প্রকল্পের স্যাংশন লেটার থাকা সত্ত্বেও কেন সাধারণ মানুষের নথিতে আপত্তি তোলা হচ্ছে। নির্বাচনের আগে কৃষ্ণনগরের রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে মহুয়া স্পষ্ট করে দিয়েছেন যে, স্থানীয় মানুষ বিজেপির এই কৌশলের যোগ্য জবাব দিতে প্রস্তুত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *