লেটেস্ট নিউজ

‘অল্পায়ু’ জেনে চরম সিদ্ধান্ত! জ্যোতিষীর ভবিষ্যবাণীতে আতঙ্কিত বেঙ্গালুরুর তরুণী ইঞ্জিনিয়ার শেষ করলেন নিজের জীবন – এবেলা

এবেলা ডেস্কঃ

বেঙ্গালুরুতে এক চাঞ্চল্যকর ও হৃদয়বিদারক ঘটনা প্রকাশ্যে এসেছে। নামী টেক সংস্থা ‘বশ’ (Bosch)-এর ২৯ বছর বয়সী সফটওয়্যার ইঞ্জিনিয়ার বিদ্যাজ্যোতি নিজের বাড়িতেই আত্মঘাতী হয়েছেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, এক জ্যোতিষীর করা ‘অল্পায়ু’র ভবিষ্যৎবাণী মেনে নিতে না পেরেই তিনি এই চরম পথ বেছে নিয়েছেন।

অন্ধবিশ্বাসের শিকার মেধাবী ইঞ্জিনিয়ার

বিদ্যাজ্যোতি গত কয়েক মাস ধরে বাড়ি থেকে কাজ (Work From Home) করছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, সম্প্রতি এক জ্যোতিষী তার কোষ্ঠী বিচার করে জানান যে তার আয়ু খুব কম। এই অমঙ্গলের হাত থেকে বাঁচতে ওই জ্যোতিষী ৯ দিন ধরে বিশেষ পুজো করার পরামর্শ দিয়েছিলেন। শুক্রবার ছিল সেই পুজোর শেষ দিন। নিয়ম অনুযায়ী এদিন পুজো শেষে মারাম্মা দেবীকে ‘মঙ্গলসূত্র’ অর্পণ করার কথা ছিল তার পরিবারের।

বিয়ের কথা ছিল ঠিক, কিন্তু শেষ রক্ষা হলো না

বিদ্যাজ্যোতি কোডাগুর এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন। দুই পরিবারই তাদের বিয়েতে সম্মতি জানিয়েছিল। শুক্রবার রাতে পরিবারের সঙ্গে খাওয়াদাওয়া শেষ করে তিনি নিজের ঘরে যান। রাত ৮টা নাগাদ তার মা কবিতা তাকে মন্দিরে যাওয়ার জন্য ডাকতে গেলে কোনো সাড়াশব্দ পাননি। সন্দেহ হওয়ায় জানলা দিয়ে উঁকি মেরে পরিবারের সদস্যরা দেখেন, ঘরের ভেতর গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন বিদ্যাজ্যোতি।

পুলিশি তদন্ত ও শোকের ছায়া

ঘটনার খবর পেয়ে বাগালাগুনটে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, জ্যোতিষীর কথা শুনে ওই তরুণী মানসিকভাবে ভেঙে পড়েছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি অন্ধবিশ্বাসের কুফল নিয়েও তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *