লেটেস্ট নিউজ

অল্পেই মেজাজ হারিয়ে চরম মাশুল গুনলেন আর্শদীপ সিং, নিউজিল্যান্ড ব্যাটারকে বল ছুঁড়ে আইসিসির কড়া শাস্তির মুখে ভারতীয় বোলার – এবেলা

এবেলা ডেস্কঃ

টি-টোয়েন্টি বিশ্বকাপের হাইভোল্টেজ ফাইনালে মেজাজ হারিয়ে বড়সড় শাস্তির মুখে পড়লেন ভারতীয় পেসার আর্শদীপ সিং। নিউজিল্যান্ডের ব্যাটার ড্যারেল মিচেলকে লক্ষ্য করে বল ছুঁড়ে মারার অপরাধে তাঁর ম্যাচ ফি-র ১৫ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। একই সঙ্গে তাঁর শৃঙ্খলাভঙ্গের রেকর্ডে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

আহমেদাবাদে আয়োজিত এই মেগা ফাইনালের ১১তম ওভারে উত্তপ্ত হয়ে ওঠে মাঠের পরিস্থিতি। ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে মিচেলের কাছে টানা ছক্কা খাওয়ার পর নিয়ন্ত্রণ হারান আর্শদীপ। পঞ্চম বলে মিচেলের ব্যাটে লেগে বল সরাসরি আর্শদীপের হাতে এলে তিনি তা সজোরে ব্যাটারের দিকে ছুঁড়ে মারেন। বলটি মিচেলের বাঁ পায়ের উরুতে গিয়ে লাগে, যা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন কিউয়ি তারকা। যদিও অধিনায়ক সূর্যকুমার যাদব ও আম্পায়াররা দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন।

আইসিসির আচরণবিধির ২.৯ ধারা লঙ্ঘনের দায়ে আর্শদীপকে অভিযুক্ত করা হয়েছে। এই নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় বা সাপোর্ট স্টাফের দিকে বিপজ্জনকভাবে বল বা ক্রিকেট সরঞ্জাম ছোঁড়া সম্পূর্ণ নিষিদ্ধ। ম্যাচ শেষে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের কাছে নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন আর্শদীপ। লেভেল ওয়ান অপরাধের জন্য তাঁকে এই জরিমানা করা হয়েছে।

ম্যাচ শেষে ব্যক্তিগতভাবে ড্যারেল মিচেলের কাছে গিয়ে ক্ষমা চেয়েছিলেন আর্শদীপ সিং। মিচেল সেই ক্ষমা গ্রহণ করলেও আইসিসির কঠোর নিয়মের হাত থেকে রেহাই পাননি এই বাঁ-হাতি পেসার। আগামী ২৪ মাসের মধ্যে একই ধরনের অপরাধ করলে আর্শদীপকে আরও বড় শাস্তির সম্মুখীন হতে হবে বলে সতর্ক করে দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *