অশোকনগরে বিজেপির অস্বস্তি তুঙ্গে! উত্তরপ্রদেশের নেতারা ভোট করাবেন শুনেই ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় কর্মীরা – এবেলা
এবেলা ডেস্কঃ
বিজেপি প্রার্থীর এক বিস্ফোরক মন্তব্যে তোলপাড় অশোকনগর। আসন্ন বিধানসভা নির্বাচনের মুখে দলীয় প্রার্থী সুময় হীরার দাবি, এবার বাংলায় ভোট করাবেন উত্তরপ্রদেশের নেতারা। এই মন্তব্য ঘিরেই গেরুয়া শিবিরের অন্দরে চরম বিদ্রোহ শুরু হয়েছে।
সারা বছর লড়াই করেও ভোটের রাশ কেন ভিনরাজ্যের নেতাদের হাতে থাকবে, সেই প্রশ্ন তুলে ক্ষোভ উগড়ে দিয়েছেন স্থানীয় বিজেপি নেতারা। নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতার মতে, এই মন্তব্য দলের স্থানীয় সংগঠনের প্রতি অনাস্থারই নামান্তর। যদিও এই বিতর্ককে পাত্তাই দিতে নারাজ প্রার্থী সুময় হীরা।
বিজেপির এই কোন্দলকে হাতিয়ার করে আসরে নেমেছে তৃণমূল। প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল প্রার্থী নারায়ণ গোস্বামীর কটাক্ষ, নিজেদের সংগঠনের ওপর ভরসা নেই বলেই বিজেপিকে বাইরের লোক আনতে হচ্ছে। ভোটের আগেই হার স্বীকার করে নিয়েছে গেরুয়া শিবির। রাজনৈতিক মহলের মতে, প্রার্থীর এই মন্তব্যে অশোকনগরে সুবিধাজনক অবস্থায় পৌঁছে গেল শাসক দল।

