অষ্টম বেতন কমিশনের আগেই সুখবর, দুই দফায় বাড়ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ্য ভাতা – এবেলা
এবেলা ডেস্কঃ
অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার প্রাক্কালে বড়সড় সিদ্ধান্তের পথে হাঁটতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার। সূত্রের খবর, আগামী কয়েক মাসের মধ্যে অন্তত দুই দফায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ্য ভাতা বা ডিএ বৃদ্ধি পেতে পারে। সব মিলিয়ে মোট ৫ শতাংশ ডিএ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। সরকারের এই সিদ্ধান্তের ফলে পশ্চিমবঙ্গ সহ সারা দেশের লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী সরাসরি উপকৃত হবেন।
বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৫৮ শতাংশ হারে মহার্ঘ্য ভাতা পাচ্ছেন। নতুন ঘোষণা কার্যকর হলে এই ভাতার পরিমাণ বেড়ে দাঁড়াবে ৬৩ শতাংশে। মূলত উৎসবের মরসুম বা নতুন বছরের শুরুতে এই আর্থিক সুবিধা পাওয়ার আশায় বুক বাঁধছেন কর্মচারীরা। জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপ সরকারি কর্মীদের আর্থিক সচ্ছলতা দেবে বলেই মনে করা হচ্ছে।

