আসামে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: অ্যাম্বুলেন্স ও ট্রাকের সংঘর্ষে রোগীসহ ৭ জনের মৃত্যু – এবেলা
এবেলা ডেস্কঃ
আসামের শোণিতপুর জেলায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় রোগীসহ সাতজন প্রাণ হারিয়েছেন। রবিবার রাতে ধেকিয়াজুলি থানা এলাকার ১৫ নম্বর জাতীয় সড়কে একটি অ্যাম্বুলেন্স ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। তেজপুর মেডিকেল কলেজে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক অ্যাম্বুলেন্সটিকে সরাসরি ধাক্কা দেয়।
ভয়াবহ এই সংঘর্ষের ফলে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয় এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের প্রাণ যায়। বর্তমানে একজন গুরুতর আহত অবস্থায় গুয়াহাটি মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন। প্রত্যক্ষদর্শীদের মতে, উভয় যানের গতিবেগ অত্যাধিক থাকায় চালকরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, যার ফলে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায়।
শোণিতপুর জেলা পুলিশ সুপার বরুণ পুরকায়স্থ জানান, দুর্ঘটনার পর ক্রেনের সাহায্যে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং জাতীয় সড়কে বেপরোয়া গতি নিয়ন্ত্রণ নিয়ে আবারও প্রশ্ন উঠেছে।

