আসামে ভোটার তালিকা সংশোধনে বিশেষ নিবিড় পদ্ধতির দাবি খারিজ করল সুপ্রিম কোর্ট
আসামে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) না হওয়ার কারণ চ্যালেঞ্জ করে দায়ের করা একটি জনস্বার্থ মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে গুয়াহাটি হাই কোর্টের বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি মৃণালকুমার চৌধুরী এই মামলা করেছিলেন। তবে বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ কমিশনের যুক্তি শোনার পর মামলাটি বাতিলের নির্দেশ দেন।
আবেদনকারীর মূল অভিযোগ ছিল, পশ্চিমবঙ্গসহ ১২টি রাজ্যে এসআইআর পদ্ধতি কার্যকর হলেও আসামের ক্ষেত্রে কমিশন বৈষম্যমূলক আচরণ করছে। তিনি দাবি করেন, রাজ্যে বিপুল সংখ্যক অবৈধ অভিবাসীর নাম ভোটার তালিকায় থাকায় সামাজিক ও রাজনৈতিক কাঠামো ক্ষতিগ্রস্ত হতে পারে। অন্যদিকে, কমিশন জানায় যে ১০ ফেব্রুয়ারি ইতিমধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে এবং নাগরিকত্ব আইনের বিশেষ ধারার কারণে সেখানে এই পদ্ধতি প্রযোজ্য নয়।
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার স্পষ্ট করেছেন যে, সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে আসামে নাগরিকত্ব যাচাইকরণ প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে রয়েছে। সারা দেশে এসআইআর সংক্রান্ত বিজ্ঞপ্তি ২৪ জুন জারি হলেও আসামের জন্য পৃথক ভাবে ভোটার তালিকা সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কমিশনের এই অবস্থান ও বর্তমান পরিস্থিতি বিবেচনা করেই শীর্ষ আদালত আইনি হস্তক্ষেপ করতে অস্বীকার করে মামলাটি নিষ্পত্তি করে দেয়।

