আসামে হিন্দু ভোট একজোট করার ডাক মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার – এবেলা
এবেলা ডেস্কঃ
আসন্ন নির্বাচনের আগে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যে হিন্দু ভোট সংহতির ডাক দিয়ে রাজনৈতিক সমীকরণ তপ্ত করে তুলেছেন। গুয়াহাটিতে এক সম্মেলনে তিনি স্পষ্ট জানান, রাজ্যের জনবিন্যাস ও সংস্কৃতি রক্ষায় সমস্ত হিন্দু ভোটারকে ভারতীয় জনতা পার্টির ছাতার তলায় আসত হবে। তাঁর মতে, এটি কেবল ক্ষমতার লড়াই নয়, বরং আসামের ভূমিপুত্রদের অস্তিত্ব ও পরিচয় রক্ষার এক আদর্শগত সংগ্রাম।
হিমন্ত বিশ্ব শর্মা দাবি করেছেন যে, উন্নয়নের সুফল পেলেও হিন্দু সমাজ রাজনৈতিকভাবে বিভক্ত থাকলে রাজ্যের সুদূরপ্রসারী ক্ষতি হবে। অনুপ্রবেশ ও জনবিন্যাসের পরিবর্তন নিয়ে সরব মুখ্যমন্ত্রী জানান, বিরোধীদের তোষণনীতির বিরুদ্ধে হিন্দু ঐক্যের প্রাচীর গড়া অপরিহার্য। এমনকি কংগ্রেসের অভ্যন্তরেও তাঁর ঘনিষ্ঠরা রয়েছেন দাবি করে তিনি প্রতিটি হিন্দু পরিবার থেকে বিজেপির প্রতি অকুণ্ঠ সমর্থন প্রত্যাশা করেছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের বৈতরণী পার হতে হিমন্ত মেরুকরণকেই প্রধান কৌশল হিসেবে বেছে নিয়েছেন। তিনি মনে করেন, হিন্দু ভোটারদের শতভাগ সমর্থন নিশ্চিত করতে পারলে আসামকে একটি উন্নত ও সুরক্ষিত রাজ্যে পরিণত করার কাজ ত্বরান্বিত হবে। বিরোধীরা এই মন্তব্যকে বিভাজনের রাজনীতি বলে কটাক্ষ করলেও, মুখ্যমন্ত্রী তাঁর ‘অল হিন্দু অ্যাজেন্ডা’ নিয়ে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী।

