লেটেস্ট নিউজ

আসাম্পূর্ণ চিন্নাস্বামী ও শোকাতুর আবহে শুরু হচ্ছে আইপিএল ২০২৬ – এবেলা

এবেলা ডেস্কঃ

আগামী পরশু বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদের লড়াইয়ের মাধ্যমে শুরু হচ্ছে আইপিএলের ১৯তম আসর। তবে টুর্নামেন্ট শুরুর ৪৮ ঘণ্টা আগেও স্টেডিয়ামের গ্যালারি ও প্রবেশপথের নির্মাণকাজ শেষ না হওয়ায় উদ্বেগ বাড়ছে। গত বছরের ৪ জুনের মর্মান্তিক পদপিষ্টের ঘটনার পর দর্শক নিরাপত্তা নিশ্চিত করতে বড় ধরনের সংস্কারের সিদ্ধান্ত নিয়েছিল কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন। নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও গ্যালারিতে এখনও প্লাইউড ও নির্মাণ সামগ্রী ছড়িয়ে রয়েছে, যা নিয়ে সংশয় প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

গত বছরের দুর্ঘটনায় নিহত ১১ জন সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবারের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করেছে বিসিসিআই। বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, বিনোদনমূলক অনুষ্ঠানের পরিবর্তে গ্যালারিতে ১১টি আসন ফাঁকা রাখা হবে এবং স্মারক ফলক উন্মোচন করা হবে। এমনকি অনুশীলনের সময় ক্রিকেটাররা ১১ নম্বর জার্সি পরে শোক প্রকাশ করবেন। উল্লেখ্য, গতবার ইডেন গার্ডেনসে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হলেও এবার নীরবতা ও শ্রদ্ধার মাধ্যমেই মাঠের লড়াই শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

টিকিট নিমেষে বিক্রি হয়ে গেলেও আসাম্পূর্ণ পরিকাঠামোয় দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করা এখন বড় চ্যালেঞ্জ। মাঠের বাইশ গজ প্রস্তুত থাকলেও গ্যালারি ও যাতায়াতের পথ পুরোপুরি ব্যবহারযোগ্য করতে দিনরাত কাজ করছেন শ্রমিকরা। শোকের ছায়া ও আসাম্পূর্ণ নির্মাণকাজের দোটানার মধ্যেই এবারের মেগা ইভেন্ট যাত্রা শুরু করছে। ক্রিকেটপ্রেমীরা আশা করছেন, গত বছরের দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে আয়োজক কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *