আসাম বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী তালিকায় বড় রদবদল: বাদ পড়লেন ১৯ বিধায়ক, ঠাঁই পেলেন ৪ প্রাক্তন কংগ্রেসী – এবেলা
এবেলা ডেস্কঃ
আসাম বিধানসভা নির্বাচনের প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করল শাসক দল বিজেপি। ৮৮ জনের এই তালিকায় ১৯ জন বিদায়ী বিধায়ককে সরিয়ে নতুন মুখ নিয়ে আসা হয়েছে। তবে প্রত্যাশা মতোই জালুকবাড়ি কেন্দ্র থেকে লড়বেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, যিনি এই আসনে টানা পাঁচবার জয়ী হয়েছেন। দলত্যাগী বিধায়ক ও হেভিওয়েট নেতাদের অন্তর্ভুক্ত করে গেরুয়া শিবির তাদের রণকৌশল সাজিয়েছে।
কংগ্রেস ছেড়ে আসা চার প্রভাবশালী নেতাকে টিকিট দিয়েছে বিজেপি। আসাম প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি ভূপেন কুমার বোরা বিপুরিয়া থেকে এবং সাংসদ প্রদ্যোৎ বরদলোই দিসপুর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়াও কমলাক্ষ দে পুরকায়স্থ বরাক উপত্যকা এবং শশীকান্ত দাস রাহা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে লড়বেন। কংগ্রেস নেতৃত্বের অবহেলা এবং স্ক্রিনিং কমিটিতে গুরুত্ব না পাওয়ার অভিযোগ তুলেই তাঁরা দলবদল করেছেন বলে জানান।
বিজেপির এই মাস্টারস্ট্রোকের বিপরীতে কংগ্রেস জোটবদ্ধ লড়াইয়ের সংকল্প নিলেও ফাটল ধরেছে বিরোধী শিবিরে। সমাজসেবী অখিল গগৈয়ের নেতৃত্বাধীন রাইজোর দল এই জোটে অংশ নেয়নি। অন্যদিকে, প্রদ্যোৎ বরদলোইয়ের ছেলে প্রতীক কংগ্রেসের টিকিট প্রত্যাখ্যান করে দলের সাধারণ সদস্য হিসেবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন। প্রার্থী তালিকা ঘিরে রাজনৈতিক সমীকরণ উত্তর-পূর্বের এই রাজ্যে এখন টানটান উত্তেজনায় মোড় নিয়েছে।

