লেটেস্ট নিউজ

আসাম বিধানসভা নির্বাচন প্রথম দফায় ৮৮ প্রার্থী ঘোষণা বিজেপির, নজরকাড়া চমক জালুকবাড়ি ও দিশপুরে – এবেলা

এবেলা ডেস্কঃ

আসাম বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। গেরুয়া শিবিরের এই তালিকায় ঠাঁই পেয়েছেন ৮৮ জন প্রার্থী। বরাবরের মতো মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তাঁর নিজের গড় জালুকবাড়ি বিধানসভা কেন্দ্র থেকেই প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২০০১ সাল থেকে টানা পাঁচবার এই আসনে জয়ী হওয়া হিমন্তের ওপরই এবারও উত্তর-পূর্বের এই রাজ্যে জয়ের ধারা বজায় রাখার গুরুদায়িত্ব ন্যস্ত করেছে বিজেপি নেতৃত্ব।

তালিকায় সবথেকে বড় চমক হিসেবে উঠে এসেছে সম্প্রতি কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া হেভিওয়েট নেতাদের নাম। রাজ্য কংগ্রেসের প্রাক্তন সভাপতি ভূপেন বোরাহ এবং বর্ষীয়ান সাংসদ প্রদ্যুৎ বরদলুই বিজেপির টিকিটে লড়ছেন। দলবদলের পরপরই প্রদ্যুৎ বরদলুইকে দিশপুর আসন থেকে প্রার্থী করা হয়েছে। অন্যদিকে, গত মাসে পদ্ম শিবিরে নাম লেখানো ভূপেন বোরাহ প্রতিদ্বন্দ্বিতা করবেন বিহপুরিয়া কেন্দ্র থেকে।

২০২৬ সালের এই নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতা ধরে রাখতে মরিয়া বিজেপি। গত নির্বাচনে হিমন্ত বিশ্ব শর্মার কৌশলেই আসামে আধিপত্য বিস্তার করেছিল বিজেপি। এবারও সেই অভিজ্ঞতার ওপর ভরসা রেখেই এগোচ্ছে দল। কংগ্রেসের দুর্গ ভেঙে আসা নেতাদের গুরুত্ব দিয়ে প্রার্থী তালিকায় বিজেপি যেমন চমক দিয়েছে, তেমনি পুরনো জেতা আসনগুলিতে নিজেদের শক্তি সংহত করার কৌশল নিয়েছে গেরুয়া শিবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *