লেটেস্ট নিউজ

অসামান্য সম্মান: ব্রিটিশ রাজপরিবারের বিশেষ ‘নাইটহুড’ উপাধিতে ভূষিত এন চন্দ্রশেখরণ – এবেলা

এবেলা ডেস্কঃ

ব্যবসায়িক ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ টাটা গোষ্ঠীর চেয়ারম্যান নটরাজন চন্দ্রশেখরণকে মর্যাদাপূর্ণ ‘নাইটহুড’ সম্মানে ভূষিত করল ব্রিটিশ প্রশাসন। তাঁকে ‘নাইট কমান্ডার অব দ্য মোস্ট এক্সেলেন্ট অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার’ (কেবিই) উপাধি দেওয়া হয়েছে। বুধবার নয়াদিল্লিতে ব্রিটিশ হাই কমিশনারের বাসভবনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।

ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের প্রতিনিধি হিসেবে ভারতে নিযুক্ত ব্রিটেনের হাই কমিশনার লিন্ডি ক্যামেরন এই উপাধি চন্দ্রশেখরণের হাতে তুলে দেন। ব্রিটিশ হাইকমিশন এক বিবৃতিতে জানিয়েছে, ইস্পাত ও প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে টাটা গোষ্ঠীর দীর্ঘকালীন বিনিয়োগ এবং দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধিতে চন্দ্রশেখরণের বলিষ্ঠ নেতৃত্বের স্বীকৃতি হিসেবেই এই সম্মান প্রদান করা হয়েছে।

এই বিরল অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে টাটা গোষ্ঠীর চেয়ারম্যান জানান, ব্রিটেন ও ভারতের মধ্যে বাণিজ্যিক ও কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করতে তাঁরা সচেষ্ট থাকবেন। এই সম্মাননা কেবল তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বরং দুই দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে টাটা গোষ্ঠীর দীর্ঘস্থায়ী অঙ্গীকারের প্রতিফলন হিসেবেই দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *